বিশ্বকাপের ব্যস্ততা শেষে বিশ্রামে মেসি, খেলবেন না এমএলএস অল-স্টার ম্যাচে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৭:৪০ পিএম
বিশ্বকাপের ধকল ও দীর্ঘ মৌসুমের ক্লান্তি কাটাতে বিশ্রামেই থাকছেন লিওনেল মেসি। ফলে আসন্ন এমএলএস অল-স্টার ম্যাচে মাঠের বাইরেই থাকবেন তিনি।
বুধবার (২৯ জুলাই) যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় মুখোমুখি হতে যাচ্ছে ‘এমএলএস অল-স্টারস’ ও ‘লিগা এমএক্স অল-স্টারস’।
দীর্ঘ ও ব্যস্ত মৌসুম শেষে শারীরিকভাবে পুরোপুরি সতেজ হতেই মূলত এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন মেসি। মেসির পাশাপাশি এই প্রদর্শনী ম্যাচ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো দি পল, হুগো কুইপার্স এবং এমবেকেজেলি এমবোকাজিও। চার তারকা ফুটবলারের সরে দাঁড়ানোর পর বিকল্প হিসেবে দলে নতুন চারজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
মেজর লিগ সকার কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গত বছর এই অল-স্টার ম্যাচ না খেলায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন মেসি। এবার ইন্টার মায়ামির পক্ষ থেকে কর্তৃপক্ষকে আগেই জানানো হয়েছে, আর্জেন্টাইন জাদুকর এবারের ম্যাচটিতে খেলতে পারবেন না।
/এএ