ভিনিসিয়ুসকে পেতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে ইংলিশ চ্যাম্পিয়ন আর্সেনাল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০১:০২ পিএম
ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে পেতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে ইংলিশ চ্যাম্পিয়ন আর্সেনাল। এমন তথ্য জানিয়েছে ইংলিশ সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক।
এক প্রতিবেদনে বলা হয়েছে— ২৬ বছর বয়সী ভিনিসিয়ুসকে নতুন মৌসুমের জন্য আক্রমণভাগ শক্তিশালী করার অন্যতম লক্ষ্য হিসেবে বিবেচনা করছে আর্সেনাল। যদিও এখন পর্যন্ত দুই ক্লাবের মধ্যে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি, তবে রিয়ালের সঙ্গে তার চুক্তি পরিস্থিতির দিকে নিবিড়ভাবে নজর রাখছে লন্ডনের ক্লাবটি।
উত্তর আমেরিকায় অনুষ্ঠিত সবশেষ ফিফা বিশ্বকাপেও দারুণ ছন্দে ছিলেন ভিনিসিয়ুস। ব্রাজিলের হয়ে পাঁচ ম্যাচে চার গোল করেন তিনি। তবে তার দুর্দান্ত পারফরম্যান্সও শেষ পর্যন্ত দলকে এগিয়ে নিতে পারেনি। শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
২০২৫-২৬ মৌসুমেও ব্যক্তিগতভাবে উজ্জ্বল ছিলেন ভিনিসিয়ুস। সব প্রতিযোগিতা মিলিয়ে ২২ গোল করেন তিনি। তবে দলগত সাফল্য আসেনি। টানা দ্বিতীয় মৌসুমের মতো বড় কোনো শিরোপা জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। লা লিগার শিরোপাও তাদের হাতছাড়া হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে।
২০১৮ সালে ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গো থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন ভিনিসিয়ুস। শুরুতে সমালোচনার মুখে পড়লেও সময়ের সঙ্গে নিজেকে বিশ্বের অন্যতম সেরা উইঙ্গারে পরিণত করেছেন তিনি।
এ পর্যন্ত রিয়ালের জার্সিতে ৩৭৫ ম্যাচে ১২৮ গোল করেছেন এই ব্রাজিলিয়ান, পাশাপাশি ১০০টি অ্যাসিস্টও করেছেন। তার অবদানে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগসহ একাধিক দেশীয় ও ইউরোপীয় শিরোপা জিতেছে লস ব্লাঙ্কোস।
আগামী বছর জুনে শেষ হবে ব্রাজিলিয়ান এ তারকার চুক্তির মেয়াদ। নিশ্চিতভাবেই তাকে ফ্রি ট্রান্সফারে হারাতে চায় না রিয়াল মাদ্রিদ। আর এই সুযোগ লুফে নিতে চায় ইংল্যান্ডের চ্যাম্পিয়ন আর্সেনাল।
জার্মান ক্লাব আরবি লাইপজিগের আইভোরিকোস্ট তারকা ইয়ান দিয়োমান্দের সঙ্গে রিয়ালের দলবদলের আলোচনা চাউর হওয়ার পর থেকেই রিয়ালে ভিনিসিয়ুসের ভবিষ্যত নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ছুটি কাটিয়ে ভিনি মাদ্রিদে ফিরলে জানা যাবে তার ভবিষ্যত।
/এমএইচআর