ফিফা বিশ্বকাপের পর মাঠে নেমে জোড়া গোল করেছেন নেইমার। ব্রাজিলের সিরি ‘এ’-র ম্যাচে চ্যাপেকোয়েন্সের বিপক্ষে নেমে ২-২ গোলে ড্র করেছে সান্তোস। যেখানে দলের হয়ে দুটি গোলই করেন এ স্ট্রাইকার।
বিশ্বকাপে মাত্র ৩৫ মিনিটের মতো মাঠে ছিলেন নেইমার। শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের পর ‘পোকার’ খেলে বিতর্কের মুখে পড়েন এ ফরোয়ার্ড। সেই বিতর্কের মাঝেই সান্তোসের জার্সিতে মাঠে নেমে নেইমার জোড়া গোলের দেখা পেলেন।
এদিন সান্তোসের হয়ে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন নেইমার। ম্যাচের ৩৬ মিনিটে প্রতিপক্ষের বক্সে সতীর্থের সঙ্গে দারুণ বোঝাপড়ায় বল দেওয়া-নেওয়ার পর আলতো শটে প্রথম গোলটি করেন। এরপর পোকার খেলার ভঙ্গিতে হাত নাড়তে থাকেন তিনি।
বিরতির পর ম্যাচের ৫১ ও ৬২ মিনিটের গোলে সান্তোসের বিপক্ষে উল্টো লিড নেয় চ্যাপেকোয়েন্স। ম্যাচে ফিরতে ৮৯ মিনিট পর্যন্ত সময় লাগে সান্তোসের। তারা পেনাল্টি পাওয়ার পর সফল স্পটকিকে স্কোরলাইন ২-২ করেন নেইমার। গোল করা ছাড়াও দলের আক্রমণভাগকে সচল রাখার মূল দায়িত্ব ছিল তার কাঁধেই।
/এমএইচআর