ফুলহামের মূল দলে অভিষেক বাংলাদেশি বংশোদ্ভূত ফারহানের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১২:২৫ পিএম
হামজা চৌধুরীর পথ ধরে সামনের মৌসুমে আরও একজন বাংলাদেশি নাম লেখাতে পারেন ইংলিশ প্রিমিয়ার লিগে। প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে ফুলহামের মূল দলে অভিষেক হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান আলী ওয়াহিদের।
শনিবার (২৬ জুলাই) নরউইচের বিপক্ষে ম্যাচের ৪৬ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ফারহান। যদিও গোল বা অ্যাসিস্ট করতে পারেননি। ম্যাচেও ২-০ গোলে হেরে গেছে তার দল।
২০২২ সালের ডিসেম্বরে অনূর্ধ্ব-১৮ দলে তার অভিষেক হয় এফএ ইয়ুথ কাপে রচডেলের বিপক্ষে বদলি নেমে। ২০২৩ সালের জুলাইয়ে ফুলহামের সঙ্গে স্কলারশিপ চুক্তি সই করেন, আর ২০২৪ সালের জানুয়ারিতে অনূর্ধ্ব-২১ দলে অভিষেক হয়।
বাঁ প্রান্তের এই উইঙ্গার তত দিনে চিনিয়ে ফেলেছেন নিজের খেলার ধরন—‘ওয়ান টু ওয়ান’ লড়াইয়ে ভয়ডরহীন, কাট করে শটে দক্ষ, গতির সঙ্গে টেকনিক্যাল দক্ষতার মিশেল।
পরের বছর বা ২০২৫ সালে আসে বড় স্বীকৃতি—ফুলহামের সঙ্গে প্রথম পেশাদার চুক্তি। আর ২০২৫-২৬ মৌসুমে প্রিমিয়ার লিগ টু-তে তার ফর্ম রীতিমতো নজরকাড়া। নভেম্বরে জেতেন মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার, মৌসুম শেষে জায়গা পান বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায়।
ইংল্যান্ডেই জন্ম ফারহানের, বাবা-মা দু'জনই বাংলাদেশি বংশোদ্ভূত। ফুটবলের শুরু চেলসিতে, সেখান থেকে ফুলহ্যামে। মাস দুয়েক আগে বাফুফে জানিয়েছিলো, ফারহানকে জাতীয় দলে নেয়ার কাজ চলমান। আসন্ন সাফেই হয়তো তাকে দেখা যাবে লাল-সবুজ জার্সিতে।
/এমএইচআর