×
Logo

খেলাধুলা

অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা, অনিশ্চয়তায় শরীফুল-লিটনও

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৮:১৯ এএম

অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা, অনিশ্চয়তায় শরীফুল-লিটনও

আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ। চোটের কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন পেসার নাহিদ রানা। আর প্রথম টেস্টে খেলতে পারবেন না শরীফুল ইসলাম ও লিটন দাস।

বাঁ পাশের পেশিতে টান লাগায় অন্তত ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ২৩ বছর বয়সী নাহিদ রানাকে। গত সপ্তাহে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে এই চোটে পড়েন তিনি। ফলে ২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজে তাকে পাচ্ছে না দল।

নাহিদের অনুপস্থিতি বাংলাদেশের জন্য বড় ধাক্কা। চলতি বছরে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ৪৪ উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার। মাত্র ১৮ দশমিক ৩১ গড়ে নেওয়া এসব উইকেটের মধ্যে রয়েছে চারটি পাঁচ উইকেট শিকারের কীর্তিও।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, নাহিদের চোট সারতে প্রায় চার সপ্তাহ লাগবে। এরপর পূর্ণ বোলিংয়ে ফেরার আগে আরও দুই থেকে চার সপ্তাহ ধাপে ধাপে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে তাকে।

এদিকে, বাঁহাতি পেসার শরীফুল ইসলাম ও উইকেটকিপার-ব্যাটার লিটন দাসও ডারউইনে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম টেস্টে খেলতে পারবেন না।

জিম্বাবুয়ে সফরে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া শরীফুল আগামী ২৯ জুলাই থেকে বোলিং শুরু করবেন। ১২ আগস্ট তার ফিটনেস পরীক্ষা হওয়ার কথা রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ১৩ আগস্ট ম্যাকেতে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে তার ফেরার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাঁ পায়ের কাফ মাংসপেশিতে চোট পাওয়া লিটন দাসও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। ২৮ জুলাই থেকে তিনি ধাপে ধাপে দৌড় ও ফিটনেস অনুশীলন শুরু করবেন। ১৩ আগস্ট তারও ফিটনেস পরীক্ষা হবে। পুনর্বাসন সফল হলে দ্বিতীয় টেস্টে তাকে দলে পাওয়া যেতে পারে।

এছাড়াও চোটের কারণে তানজিম হাসান ২০২৬ সালের বেশিরভাগ সময় মাঠের বাইরে থাকতে পারেন। আর ডান পায়ের হ্যামস্ট্রিং ও কাফের চোটে দ্য হান্ড্রেড থেকে ছিটকে পড়া মোস্তাফিজুর রহমান আগস্টের মাঝামাঝি সময়ে মাঠে ফিরতে পারেন।

প্রসঙ্গত, আগামী ১ আগস্ট অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজের প্রথম ম্যাচটি ১৩ আগস্ট ডারউইনে এবং ২২ আগস্ট ম্যাকাইয়ে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট।

/এসআইএন


Logo