×
Logo

খেলাধুলা

অক্টোবরে কলকাতায় প্রীতি ম্যাচ খেলতে পারে ব্রাজিল, আলোচনায় ছিল বাংলাদেশও

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০২:৫৫ পিএম

অক্টোবরে কলকাতায় প্রীতি ম্যাচ খেলতে পারে ব্রাজিল, আলোচনায় ছিল বাংলাদেশও

২০২৬ ফিফা বিশ্বকাপে হাজারো ভারতীয় সমর্থককে ব্রাজিলের জার্সি পরে সেলেসাওদের সমর্থন করতে দেখা যাওয়ার পর ভারত সফরের পরিকল্পনা করছে ব্রাজিল ফুটবল দল। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরের শুরুতে কলকাতায় একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ইএসপিএন ব্রাজিল ও এস্তাদাও-এর প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ও ভারতের আয়োজকদের মধ্যে আলোচনা অনেক দূর এগিয়েছে। এখন শুধু চুক্তির কিছু আনুষ্ঠানিকতা বাকি রয়েছে। তবে ব্রাজিলের প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি। ফলে ভারতের বিপক্ষেই খেলবে তারা— এমনটি এখনও নিশ্চিত নয়।

প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপ চলাকালে ভারতের বিভিন্ন শহরে হাজারো সমর্থককে ব্রাজিলের জার্সি পরে উল্লাস করতে দেখা যায়। সেই ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পরই ভারত সফরের বিষয়ে আলোচনা শুরু হয়।

বিশেষ করে কলকাতা ছিল ব্রাজিল সমর্থকদের অন্যতম বড় কেন্দ্র। এছাড়া কেরালাসহ ভারতের বিভিন্ন অঞ্চলেও একই চিত্র দেখা গেছে। প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়, ভারতের প্রতিবেশী বাংলাদেশেও ব্রাজিলের বিপুলসংখ্যক সমর্থক রয়েছে।

সেপ্টেম্বর ২১ থেকে অক্টোবর ৬ পর্যন্ত ফিফার আন্তর্জাতিক উইন্ডোতে ব্রাজিল তিনটি ম্যাচ খেলতে চায়। এর মধ্যে ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচ ইতোমধ্যেই নিশ্চিত হয়েছে।

এরপর অক্টোবরের শুরুতে কলকাতায় তৃতীয় ম্যাচটি আয়োজনের পরিকল্পনা রয়েছে। প্রথমে চারটি ম্যাচ খেলার সম্ভাবনার কথা বিবেচনা করেছিল সিবিএফ। এ ক্ষেত্রে বাংলাদেশও আলোচনায় ছিল। তবে দীর্ঘ ভ্রমণ, খেলোয়াড়দের বিশ্রাম ও প্রস্তুতির বিষয়টি বিবেচনায় রেখে শেষ পর্যন্ত তিন ম্যাচেই সীমাবদ্ধ থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিঙ্গাপুরও ব্রাজিলকে আতিথ্য দেওয়ার আগ্রহ দেখিয়েছিল। তবে তাদের সঙ্গে কোনো সমঝোতা হয়নি। এখন কলকাতায় ম্যাচ আয়োজনের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে ব্রাজিলের বিশাল সমর্থকগোষ্ঠীর কাছে পৌঁছাতে চায় সিবিএফ।

এখনও পর্যন্ত ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন বা ভারতের ফুটবল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই ম্যাচের ঘোষণা দেয়নি। তবে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

/এনএ 

Logo