কোচ নিয়োগে গার্দিওলার আগে আনচেলত্তির সঙ্গে যোগাযোগ করেছিল ইতালি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০১:২৭ পিএম
জাতীয় দলের নতুন কোচ নিয়োগের প্রক্রিয়ায় পেপ গার্দিওলার আগে কার্লো আনচেলত্তির সঙ্গে যোগাযোগ করেছিল ইতালি। বিষয়টি নিশ্চিত করেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি। খবর, বিবিসি'র।
টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা করতে ব্যর্থ হওয়ার পর, গত এপ্রিলে জেন্নারো গাত্তুসো পদত্যাগ করলে কোচশূন্য হয়ে পড়ে ইতালি। এরপর নতুন কোচ খুঁজতে আনচেলত্তি ও গার্দিওলার সঙ্গে আলোচনা শুরু করে ফেডারেশন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) এক সংবাদ সম্মেলনে মালদিনি বলেন, গার্দিওলার সঙ্গে কথা বলার আগে আমরা কার্লোর সঙ্গেও আলোচনা করেছি। বিশ্বের সেরা কোচদের দিয়েই শুরু করা উচিত ছিল বলে মনে করেছি।
বর্তমানে ব্রাজিল জাতীয় দলের দায়িত্বে থাকা কার্লো আনচেলত্তি ২০২৫ সালে সেলেসাওদের কোচ হন, এবং গত মে মাসে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি নবায়ন করেন। নরওয়ের কাছে হেরে ব্রাজিল শেষ ষোলো থেকে বিদায় নিলেও তাকে দায়িত্বে রাখার বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন।
এদিকে, ইতালির সঙ্গে আলোচনার বিষয়টি নিশ্চিত করার পরও পেপ গার্দিওলার ভবিষ্যৎ নিয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি এফআইজিসি। ইতালীয় সংবাদমাধ্যমের দাবি, গার্দিওলা বছরে ২ কোটি ইউরো বেতন চেয়েছেন, যা ইতালির প্রস্তাবের দ্বিগুণ।
মালদিনি বলেন, এ মুহূর্তে চলমান আলোচনা নিয়ে নতুন কোনো তথ্য দেওয়ার সুযোগ নেই। আমাদের লক্ষ্য সঠিক ব্যক্তিকেই দায়িত্ব দেওয়া।
উলেখ্য, ম্যানচেস্টার সিটির সঙ্গে ১০ বছরের অধ্যায় শেষ করা ৫৫ বছর বয়সী গার্দিওলার পাশাপাশি ইতালির কোচ হওয়ার দৌড়ে আন্তোনিও কন্তে, রবার্তো মানচিনি ও আন্দ্রেয়া পিরলোর নামও আলোচনায় রয়েছে।
/এনএ