চেলসি থেকে ধারে অ্যাস্টন ভিলায় গেলেন গার্নাচো
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৯:২০ এএম
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি থেকে আর্জেন্টাইন উইঙ্গার আলেহান্দ্রো গার্নাচোকে এক মৌসুমের জন্য ধারে দলে ভিড়িয়েছে অ্যাস্টন ভিলা। চুক্তিতে আগামী গ্রীষ্মে নির্দিষ্ট শর্ত পূরণ হলে তাকে স্থায়ীভাবে দলে নেওয়ার বাধ্যবাধকতাও রাখা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছে চেলসি ও অ্যাস্টন ভিলা।
এদিকে, গার্নাচোকে দলে পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ভিলার কোচ উনাই এমেরি। তিনি বলেন, আলেহান্দ্রো অত্যন্ত প্রতিভাবান ও তরুণ একজন ফুটবলার। আমাদের প্রকল্পের অংশ হতে তার আগ্রহ ছিল। তাকে পেয়ে আমরা খুবই আনন্দিত।
২২ বছর বয়সী গার্নাচো গত মৌসুমে ৪০ মিলিয়ন পাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে চেলসিতে যোগ দিলেও নিয়মিত একাদশে জায়গা করে নিতে পারেননি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৩ ম্যাচে ৮ গোল করেন তিনি।
এর আগে, ওল্ড ট্র্যাফোর্ডে পাঁচ বছর কাটিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৪৪ ম্যাচে ২৬ গোল করেছিলেন গার্নাচো। তবে তৎকালীন প্রধান কোচ রুবেন আমোরিমের অধীনে তিনি দলের পরিকল্পনার বাইরে চলে যাওয়ায় গত গ্রীষ্মে ক্লাব ছাড়েন।
অ্যাটলেটিকো মাদ্রিদের একাডেমি থেকে উঠে আসা গার্নাচোকে আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক বিশ্বকাপ দলে রাখা হলেও শেষ পর্যন্ত চূড়ান্ত দলে জায়গা হয়নি।
/এনএ