লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিলেন ব্রাজিলীয় মিডফিল্ডার ক্যাসেমিরো। ফ্রি এজেন্ট হওয়ায় ট্রান্সফার ফি ছাড়াই এই ব্রাজিলিয়ানের সার্ভিস পেলো মায়ামি।
ইন্টার মায়ামি জানিয়েছে, রিয়াল মাদ্রিদের হয়ে পাঁচবারের চ্যাম্পিয়নস লিগজয়ী এই ফুটবলারকে আপাতত ২০২৭ মৌসুম পর্যন্ত চুক্তিবদ্ধ করা হয়েছে। তবে চুক্তিটি ২০২৯ সালের জুন পর্যন্ত বাড়ানোর একটি সুযোগ আছে।
তবে ক্যাসেমিরোরকে মিয়ামি দলে ভেড়ানোর পর পুরোনো বিতর্ক মাথাচাড়া দিয়েছে যে ক্যাসেমিরোর ‘ডিসকভারি প্রায়োরিটি রাইটস’ ছিল লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির কাছে। তবে মেজর লিগ সকার (এমএলএস) নিশ্চিত করেছে যে ক্যাসেমিরোর ডিসকভারি রাইট নিয়ে ইন্টার মায়ামি ও এলএ গ্যালাক্সি একটি সমঝোতায় পৌঁছেছে। তবে এমএলএস এটাও উল্লেখ করেছে, ট্যাম্পারিং অভিযোগের তদন্ত শেষ হলেই এই সমঝোতার শর্তাবলি প্রকাশ করা হবে।
চলতি বছরের জানুয়ারিতেই ক্যাসেমিরো ঘোষণা দিয়েছিলেন যে, ৩০ জুন চুক্তি শেষ হলে তিনি ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়বেন। ধারণা করা হচ্ছিল, ২০২৬ বিশ্বকাপের পরই তিনি ইন্টার মিয়ামিতে যোগ দেবেন। সেই ধারণাই সত্যি হলো।
/এএম