যুদ্ধের সার্বিক অবসান না হলে গোটা অঞ্চল দাবানলে পুড়বে: ইরানের স্পিকার গালিবাফ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০১:০৭ এএম
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত নিয়ে কড়া হুঁশিয়ারি প্রদান করে ইরানের পার্লামেন্ট স্পিকার এবং শীর্ষ মধ্যস্থতাকারী মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, মধ্যপ্রাচ্যে সংঘাতের সম্পূর্ণ অবসান ঘটাতে হবে। অন্যথায় এর পরিণতিতে অঞ্চলের প্রতিটি দেশ তেহরান ও ওয়াশিংটনের এই যুদ্ধে জড়িয়ে পড়বে।
বুধবার (২২ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনের মাধ্যমে এ তথ্য জানা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় গালিবাফ বলেন, যে অঞ্চলে ইরান নিজেরা তেল বিক্রি করতে পারবে না, সেখানে অন্য কোনো দেশকেও তেল বিক্রি করতে দেওয়া হবে না।
ইরানের নিরাপত্তা নিশ্চিত না হলে মধ্যপ্রাচ্যের কোনো পরিকাঠামোই নিরাপদ থাকবে না উল্লেখ করে তিনি জানান, মার্কিন সামরিক বাহিনীর সম্পূর্ণ অনুপস্থিতির ওপরই হরমুজ প্রণালির প্রকৃত নিরাপত্তা নির্ভর করছে।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আর কখনোই যুদ্ধপূর্ব অবস্থায় ফিরে যাবে না বলে স্পষ্ট জানিয়ে দেন গালিবাফ।
/এএ