বিশ্বকাপের নতুন ফরম্যাটে কী বদল আনলো আইসিসি?
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৫:১৩ পিএম
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের নতুন ফরম্যাট ঘোষণা করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশেষ করে নিচের সারির তিন দলকে নিয়ে 'সুপার সিরিজ' চালুর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। তবে, নতুন এই কাঠামোর রয়েছে বেশ কিছু ইতিবাচক দিক। যা বিশ্বকাপকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, আকর্ষণীয় ও অর্থবহ করে তুলবে। খবর, ক্রিকেটভিত্তিক ওয়েবপোর্টাল ক্রিকবাজের।
জানা গেছে, আইসিসির ওয়ার্কিং গ্রুপে ২০১৯ ও ২০২৩ সালের মতো ১০ দলের বিশ্বকাপ চালু রাখার প্রস্তাবও আলোচনায় ছিল এবং কয়েকজন সদস্য সেটির পক্ষেও ছিলেন।
তবে শেষ পর্যন্ত ১৪ দলের বিশ্বকাপ বহাল রেখে কিছু পরিবর্তন আনা হয়েছে। আইসিসির দাবি, ক্রিকেটের মান বাড়ানো, প্রতিযোগিতার ভারসাম্য এবং শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের অবিচ্ছিন্ন সম্পৃক্ততা উদ্দেশ্য নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন ফরম্যাটে সবচেয়ে নিচে থাকা তিনটি দল প্রথমে 'সুপার সিরিজে' খেলবে। ছয় ম্যাচের এই পর্ব শেষে মাত্র একটি দল মূল পর্বে উঠবে, অন্য দুটি দল বিদায় নেবে।
এরপর মূল পর্বে ১২টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিটি গ্রুপে থাকবে ছয়টি করে দল। সেখান থেকে সেরা দলগুলো উঠবে নতুন 'সুপার সেভেন' পর্বে। যেখানে সেমিফাইনালের জন্য নির্বাচিত হবে সেরা চার দল।
আইসিসির ভাষ্য, নতুন কাঠামোতে প্রতিটি ম্যাচের গুরুত্ব বাড়বে এবং অর্থহীন বা 'ডেড রাবার' ম্যাচের সংখ্যা কমে যাবে। শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ম্যাচেই থাকবে প্রতিদ্বন্দ্বিতার চাপ। পাশাপাশি, শীর্ষ দলগুলোর মধ্যে বেশি ম্যাচ হওয়ায় দর্শক আগ্রহও বাড়বে বলে মনে করছে সংস্থাটি।
নতুন ফরম্যাটের প্রধান বৈশিষ্ট্য
এই ফরম্যাটে আগে থেকে ঘোষিত ১৪ দল খেলার সিদ্ধান্ত অপরিবর্তিত থাকছে। ২০২৭ সালের বিশ্বকাপে যুক্ত হবে নতুন তিন ধাপ। যেখানে থাকবে সুপার সিরিজ, গ্রুপ পর্ব ও সুপার সেভেন। এরপর হবে সেমিফাইনাল এবং ফাইনাল। আসরের মোট ম্যাচ হবে ৬০টি।
সুপার সিরিজের তিন দলের মধ্যে একটি দল মূল পর্বে উঠবে। এরপর গ্রুপ পর্বে ১২ দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। আবার সুপার সিক্সের বদলে চালু হচ্ছে সুপার সেভেন। ফলে, এবারের আসরে ডেড রাবার (অর্থহীন) ম্যাচ কমবে, প্রতিটি ম্যাচের গুরুত্ব বাড়বে।
এছাড়া, সহযোগী (অ্যাসোসিয়েট) দেশগুলোর জন্য বিশ্বকাপে জায়গা পাওয়ার সুযোগ বহাল থাকছে। আর শীর্ষ দলগুলোর মধ্যে বেশি ম্যাচ হওয়ায় দর্শক আগ্রহও বাড়বে বলে মনে করছে আইসিসি।
উল্লেখ্য, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।