×
Logo

খেলাধুলা

ফাইনালের আগে আর্জেন্টিনা ড্রেসিংরুমে কী ঘটেছিল? মেসির ভিডিও ঘিরে জল্পনা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৪:০৯ পিএম

ফাইনালের আগে আর্জেন্টিনা ড্রেসিংরুমে কী ঘটেছিল? মেসির ভিডিও ঘিরে জল্পনা

২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনা দলের ড্রেসিংরুমে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে অধিনায়ক লিওনেল মেসিকে সতীর্থদের শান্ত থাকতে, সবকিছু ভুলে শুধু খেলায় মনোযোগ দিতে বলতে দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর ফাইনালের আগে আর্জেন্টিনা শিবিরে কোনো অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছিল কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

রোববার (১৯ জুলাই) নিউইয়র্কে অনুষ্ঠিত ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে শিরোপা হারায় আর্জেন্টিনা। পুরো ম্যাচে লিওনেল স্কালোনির দল একটিও লক্ষ্যভেদী শট নিতে পারেনি। মেসিও ছিলেন নিষ্প্রভ।

ফাইনালের আগে প্রকাশিত ভিডিওতে মেসিকে বলতে শোনা যায়, আরে বন্ধুরা, সবাই শান্ত হও। চলো আমরা শান্ত হই, শান্ত হই। চলো শুধু খেলার কথা ভাবি, ঠিক আছে? শান্ত থাকো। চলো সবকিছু ভুলে যাই, সবকিছু ভুলে যাই। চলো শুধু খেলি, চলো, শুধু খেলার দিকে মনোযোগ দাও।

ভিডিওতে মেসির এই বক্তব্য এবং কয়েকজন খেলোয়াড়ের মুখের অভিব্যক্তি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়েছে। অনেক সমর্থকের দাবি, ম্যাচ শুরুর আগেই দলের ভেতরে কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটেছিল। যদিও এ ধরনের দাবির পক্ষে এখন পর্যন্ত আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) বা দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। ফলে বিষয়টি এখনও কেবল জল্পনা হিসেবেই রয়েছে।

ফাইনালে স্পেন শুরু থেকেই আধিপত্য দেখায়। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে ১-০ ব্যবধানে জিতে ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জেতে লা রোজারা।

এদিকে, বিশ্বকাপ শেষে সোমবার, দেশে ফিরেছে আর্জেন্টিনা দল। তবে সেই দলে ছিলেন না অধিনায়ক লিওনেল মেসি। আগেই আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছিল, দলের কয়েকজন সদস্য দলের সঙ্গে ফিরবেন না। স্থানীয় টেলিভিশনের সম্প্রচারেও মেসিকে বিমান থেকে নামতে দেখা যায়নি।

কোচ লিওনেল স্কালোনি ও দলের অন্য সদস্যদের লাল গালিচা এবং সামরিক ব্যান্ডের মাধ্যমে স্বাগত জানানো হয়। বৃষ্টি ও ঠান্ডা উপেক্ষা করে হাজারো সমর্থক বিমানবন্দরে উপস্থিত হয়ে দলকে অভিনন্দন জানান। যদিও ২০২২ সালের শিরোপা জয়ের পরের উদযাপনের মতো ব্যাপক উৎসব এবার দেখা যায়নি।

/এনএ 

Logo