×
Logo

খেলাধুলা

আজই দেশের উদ্দেশে রওনা দেবেন মেসিরা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৭:৪৪ এএম

আজই দেশের উদ্দেশে রওনা দেবেন মেসিরা

পর্দা নেমেছে ফিফা বিশ্বকাপের ২৩তম আসরের। ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ পর্ব শেষ করেছে গতবারের চ্যাম্পিয়নরা। মেগা ফাইনালের ম্যাচ পরবর্তী কাজ শেষে দ্রুতই দেশে ফেরার কথা রয়েছে আলবিসেলেস্তেদের। খবর, বেন স্পোর্টসের।

যদিও সময়সূচি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তবে সোমবারেই (২০ জুলাই) দেশের উদ্দেশে রওনা দেবে মেসিরা। দেশে পৌঁছানোর পর একটি সংবর্ধনাও পাবেন সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। এমনটাই জানিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

জানা যায়, আর্জেন্টিনা দল একটি চার্টার্ড ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওনা দেবে। ১১ ঘণ্টার এই দীর্ঘ সফর শেষে বাংলাদেশ সময় সোমবার রাত ৯টা থেকে ১০টার মধ্যে তাদের বিমান বুয়েনস আইরেসের ইজেজা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতে পারে।

এ লক্ষ্যে দেশটির ঘরোয়া লিগে সোম-মঙ্গল এই দুই দিনের নির্ধারিত সকল ম্যাচ স্থগিত ঘোষণা করেছে এএফএ। সংস্থাটি জানিয়েছে, 'সোমবার, ২০ জুলাই এবং মঙ্গলবার, ২১ জুলাই সব বিভাগের নির্ধারিত সকল ম্যাচ স্থগিত করা হয়েছে। বিশ্বকাপে অংশগ্রহণের পর জাতীয় দলের দেশে ফেরার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

উল্লেখ্য, এ পর্যন্ত সাতবার বিশ্বকাপের ফাইনালে অংশ নিয়ে তিনবার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। আগামী ২০৩০ সালের আসরে ৬টি স্বাগতিক দেশের একটি হওয়ায় ইতোমধ্যেই সেই আসরের চূড়ান্ত পর্বে নিজেদের জায়গা নিশ্চিত হয়েছে আলবিসেলেস্তেদের।

/এমএইচআর

Logo