দ্য ফাইনাল
অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে স্পেন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১২:৫০ এএম
১৬ বছর পর দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার মিশনে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে স্পেন। রোববার (১৯ জুলাই) নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে বিশ্বকাপ ফাইনাল। সেখানে কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে বিদায় করা এবং ডালাসের সেমিফাইনালে ফ্রান্সকে অনায়াসে হারিয়ে দেওয়া দলটির ওপরই চূড়ান্ত লড়াইয়ে ভরসা রেখেছেন স্পেন কোচ।
নিজেদের সবশেষ ম্যাচে ফ্রান্সের বিপক্ষে শেষ দিকে চোট পড়া রাইটব্যাক পেদ্রো পোরো এবং ফরোয়ার্ড লামিন ইয়ামাল পুরোপুরি সুস্থ হওয়ায় একাদশে ফিরেছেন। দায়িত্ব নেওয়ার পর এই প্রথম টানা তিন ম্যাচে একদম অপরিবর্তিত শুরুর একাদশ মাঠে নামাচ্ছেন লুইস দে লা ফুয়েন্তে।
স্পেনের অভেদ্য রক্ষণভাগে গোলরক্ষক উনাই সিমনের সামনে দেয়াল হয়ে দাঁড়াবেন পেদ্রো পোরো, কুবারসি, লাপোর্তে ও কুকুরেয়া। পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করা এই রক্ষণভাগ ফাইনালজুড়ে স্পেনের বড় শক্তির জায়গাশ
মাঝমাঠে প্রতিটি ম্যাচেই অপরিহার্য হয়ে ওঠা রদ্রির সঙ্গে থাকছেন অসাধারণ ফর্মে থাকা দানি অলমো এবং ফাবিয়ান রুইস। ফলে পেদ্রি এবং টুর্নামেন্টের সেরা ‘ইমপ্যাক্ট সাব’ মিকেল মেরিনোর মতো তারকাদের আজ সাইডবেঞ্চে বসে অপেক্ষা করতে হচ্ছে।
দলের আক্রমণভাগে স্পেনের মূল অস্ত্র আলেক্স বায়েনা এবং চলতি বিশ্বকাপে দলের সর্বোচ্চ গোলদাতা মিকেল ওইয়ারসাবাল। টুর্নামেন্টে ইতিমধ্যে ৫ গোল করা ওইয়ারসাবাল স্পর্শ করেছেন ১৯৮৬ সালের বুত্রাগেনো এবং ২০১০ সালের ডেভিড ভিয়ার কীর্তিকে। তাদের সঙ্গে আক্রমণভাগে সুর বাঁধবেন লামিনে ইয়ামাল।
স্পেন একাদশ: উনাই সিমন, পেদ্রো পোরো, পাউ কুবারসি, আইমেরিক লাপোর্তে, কুকুরেয়া, রদ্রি, ফাবিয়ান রুইস, দানি অলমো, লামিনে ইয়ামাল, আলেক্স বায়েনা ও মিকেল ওইয়ারসাবাল।
/এমএইচআর