×
Logo

খেলাধুলা

এমবাপ্পের থেকে ৩ গোল বেশি দিয়ে ফাইনালে স্পেন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৪:৪৫ পিএম

এমবাপ্পের থেকে ৩ গোল বেশি দিয়ে ফাইনালে স্পেন

বিশ্বকাপের ফাইনালের আগে ৪৮ দলের অংশগ্রহণে বিভিন্ন পর্ব মিলিয়ে মোট গোল হয়েছে ৩০৫টি। গোলবন্যার এই আসর আগের সব বিশ্বকাপের রেকর্ড ছাপিয়ে নতুন ইতিহাস গড়েছে। তবে দর্শকদের জন্য দারুণ এক মজার তথ্য শেয়ার করা যাক। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ ১০ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে কিলিয়ান এমবাপ্পে।

কিন্তু এতগুলো গোলের দেখা পেলেও শিরোপার মঞ্চ থেকে আগেই বাদ হয়ে গেছেন তিনি। সেমিফাইনালে স্পেনের কাছে হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ ফ্রান্সের। এমবাপ্পের স্বপ্ন ভেঙ্গে চুরমার হলেও লামিন ইয়ামালের স্পেন আজ শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। এখন প্রশ্ন আসতেই পারে, এমবাপ্পের সঙ্গে স্পেনের আসলে সম্পর্ক কোথায়? এখানে লুকিয়ে আছে চমক।

পুরো দল হিসেবে ফাইনালে ওঠা স্পেন এখন পর্যন্ত করেছে ১৩টি গোল। অর্থাৎ স্পেনের পুরো দলের গোলসংখ্যা এমবাপ্পের একার গোলের চেয়ে মাত্র তিনটি বেশি। অন্যদিকে দলগতভাবে সবচেয়ে বেশি ২০টি করে গোল করেছে ইংল্যান্ড ও ফ্রান্স। আর ১৯ গোল নিয়ে তাদের ঠিক পেছনেই রয়েছে আর্জেন্টিনা। যদিও স্পেন ও আর্জেন্টিনার সামনে ফাইনালে গোল সংখ্যা বাড়ানোর সুযোগ রয়েছে।

স্পেনের পারফরম্যান্সের পরিসংখ্যান দেখা যাক

দলটির মোট ১৩ গোলের মধ্যে ১২টিই এসেছে পেনাল্টি বক্সের ভেতর থেকে। পুরো টুর্নামেন্টে তারা মোট ১২০টি শট নিয়েছে, যার মধ্যে ৪২টি ছিল লক্ষ্যে এবং ৫৩টি লক্ষ্যের বাইরে। গোলে রূপান্তরের হার ছিল ১১ শতাংশ। পেনাল্টি বক্সের ভেতর থেকে নেওয়া শট ছিল ৭১টি, আর বক্সের বাইরে থেকে ৪৯টি। এছাড়া হেড থেকে শটের চেষ্টা করেছে ১৭টি। পুরো টুর্নামেন্টে স্পেন ২০টি বড় গোলের সুযোগ তৈরি করে, যার মধ্যে ৯টি কাজে লাগাতে পারেনি। দলটি মোট ৯টি অ্যাসিস্টও করেছে।

বল দখল ও পাসিংয়েও ছিল স্পেনের আধিপত্য। সাত ম্যাচে তাদের গড় বল দখলের হার ছিল ৬৩ দশমিক ৭ শতাংশ। তারা মোট ৪ হাজার ৫৯২টি পাস দেওয়ার চেষ্টা করে, যার মধ্যে সফল হয় ৪ হাজার ১৫৬টি। ফলে পাসিং নির্ভুলতার হার দাঁড়ায় ৯১ শতাংশ। পাশাপাশি ১৫৪টি ক্রস থেকে ২১ শতাংশ সফলতা পেয়েছে এবং আদায় করেছে ৪৫টি কর্নার।

ফাইনাল ওঠার আগ পর্যন্ত সাত ম্যাচে স্পেন মাত্র একটি গোল হজম করেছে। ছয়টি ম্যাচে ক্লিন শিট রেখে তারা বিশ্বকাপের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে। প্রতিপক্ষ দলগুলো স্পেনের বিপক্ষে মোট ৪৪টি শট নিতে পেরেছে, যার মধ্যে মাত্র ১০টি ছিল লক্ষ্যে। গোলরক্ষক উনাই সিমন ৯৩ শতাংশ সেভ রেট ধরে রেখে টানা ৬৫০ মিনিট কোনো গোল হজম করেননি। 

এমবাপ্পের টুর্নামেন্ট পরিসংখ্যান

ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে পুরো টুর্নামেন্টজুড়ে ছিলেন দুর্দান্ত ছন্দে। তিনি মোট ৭৬৯ মিনিট মাঠে খেলেছেন। এই সময়ে সর্বোচ্চ ১০টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও ৪টি গোলে সহায়তা করেছেন। গোলের উদ্দেশ্যে এমবাপ্পে নিয়েছেন ৪১টি শট, যার মধ্যে ২৩টি ছিল লক্ষ্যে। তার গোলে রূপান্তরের হার ছিল ২৪ শতাংশ। শটগুলোর মধ্যে ২৭টি এসেছে পেনাল্টি এলাকার ভেতর থেকে এবং ১৪টি বাইরে থেকে। তার প্রত্যাশিত গোলের মান ছিল ৬ দশমিক ৫৪, আর প্রত্যাশিত গোল অর্জনের দক্ষতা ছিল ১ দশমিক ৫৩।

এছাড়া তিনি দলের হয়ে ৫টি কর্নার নেন। গতির দিক থেকেও ছিলেন অনন্য। টুর্নামেন্টে তার সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ৩৭ দশমিক ৬১ কিলোমিটার। তিনি ৫২৯ বার উচ্চগতির দৌড় এবং ২৫০টি স্প্রিন্ট দেন। সব মিলিয়ে টুর্নামেন্টে এমবাপ্পে মাঠে ৬৬ হাজার ৭২৬ দশমিক ৫৭ মিটার দূরত্ব অতিক্রম করেন।

/এসআইএন

Logo