ট্রাম্পের কাছে আবেদন
অবশেষে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেলেন বিশ্বকাপজয়ী স্প্যানিশ ফুটবলার ক্যাপদেভিলা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৩:০৭ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সহায়তা চাওয়ার পর অবশেষে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী সাবেক ফুটবলার হোয়ান ক্যাপদেভিলা। এর ফলে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ ফাইনাল গ্যালারিতে বসে দেখার সুযোগ পাচ্ছেন ২০১০ বিশ্বকাপজয়ী দলের এই সদস্য।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, ক্যাপদেভিলার যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পুনর্বহাল করা হয়েছে। এর আগে, দেশটিতে ভ্রমণের জন্য তার করা ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথরাইজেশন (ইএসটিএ) আবেদন বাতিল করে দিয়েছিল মার্কিন কর্তৃপক্ষ।
আবেদন প্রত্যাখ্যাত হওয়ার পর শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ট্রাম্পকে ট্যাগ করে সাহায্যের আবেদন জানান ৪৮ বছর বয়সী এই সাবেক ডিফেন্ডার।
পোস্টে ক্যাপদেভিলা লেখেন, 'আমার সাহায্য দরকার ডোনাল্ড ট্রাম্প! মাত্র আমাকে জানানো হয়েছে, আমি সন্তানদের নিয়ে ফাইনাল দেখতে যেতে পারব না, কারণ আমার ইএসটিএ আবেদন বাতিল করা হয়েছে।'
সাবেক ভিয়ারিয়াল ও দেপোর্তিভো লা করুনিয়া ফুটবলার আরও লিখেছিলেন, 'কেউ কি আমাকে এ বিষয়ে সাহায্য করতে পারেন? আপনারা কল্পনাও করতে পারবেন না, ২০১০ সালের আমার সব সতীর্থের সঙ্গে সেখানে থেকে এই দলকে সমর্থন করার জন্য আমি কতটা উচ্ছ্বসিত ছিলাম।'
তিনি আরও বলেন, 'আমি বিশ্বাস করতে পারছি না যে তারা আমাকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দিচ্ছে না। ফুটবল এত ভালোবাসে এমন আমার সন্তানদের সঙ্গে এমন একটি মুহূর্ত মিস করতে হবে, এটা খুবই হতাশাজনক। কেউ যদি এর সমাধানের পথ জানেন, তাহলে আমি তার কাছে আজীবন কৃতজ্ঞ থাকব।'
ক্যাপদেভিলা তার আবেদনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং স্পেন সরকারের ক্রীড়া মন্ত্রণালয়কেও ট্যাগ করেছিলেন।
এর আগে, ক্যাপদেভিলা ধারণা করেছিলেন, ২০১৬ সালে ইরানে একটি প্রীতি ম্যাচ খেলতে যাওয়ার কারণেই যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি নিয়ে জটিলতা তৈরি হতে পারে। ওই সময় লা লিগার কিংবদন্তি ফুটবলারদের নিয়ে গঠিত একটি দলের হয়ে তেহরানে ইরানের অল-স্টার দলের বিপক্ষে খেলেছিলেন তিনি।
২০১০ সালে নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জয় করা স্পেন দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ক্যাপদেভিলা। এবারের ফাইনালে তার দল স্পেন মুখোমুখি হবে আর্জেন্টিনার।
/এআই