বিশ্বকাপ ফাইনাল
রাতে শিরোপার মহারণে মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন, কী বলছেন স্কালোনি-ফুয়েন্তেরা?
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১২:০৭ পিএম
আর্জেন্টিনার চতুর্থ নাকি স্পেনের দ্বিতীয়, ইয়ামাল নাকি মেসি, কে উঁচিয়ে ধরবেন এবারের বিশ্বকাপ শিরোপা? সেই ফয়সালা হবে আজ যুক্তরাষ্ট্রের নিউজার্সি স্টেডিয়ামে। ফাইনাল মহারণে লাতিন চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন। নতুন চ্যাম্পিয়নকে বরণ করে নেয়ার মধ্য দিয়েই আজ পর্দা নামবে গ্রেটেস্ট শো অন আর্থের। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচ।
৩ আয়োজক দেশ, ১৬ ভেন্যু, ৪৮ দেশ ও ১০৪ ম্যাচের মহারণ শেষে রোববার পর্দা উঠবে দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ ফুটবল বিশ্বকাপের।
স্পেনের বিশ্বকাটজয়ী কোচ দেল বস্কের মতে, এবারের আর্জেন্টিনা কিছুটা আনপ্রেডিক্টেবল। গ্রুপপর্বের মধুচন্দ্রিমা শেষে নকআউটে একের পর এক বাঁধা টপকে সেই প্রমাণ দিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। কেপভার্দে, মিশর ও সুইসারল্যান্ডের পর সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষেও প্রত্যাবর্তনের গল্প লিখে শিরোপার শেষ লড়াইয়ে আলবিসেলেস্তারা।
এই লড়াইয়ে স্পটলাইটের অনেকটা জুড়ে নিঃসন্দেহে লিওনেল মেসির নাম। পেলে-কাফুর পর তৃতীয় ফুটবলার হিসেবে খেলবেন তিনটি বিশ্বকাপ ফাইনাল। সেইসঙ্গে টানা দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার মাহেন্দ্রক্ষণের সামনে দাড়িয়ে এলএমটেন।
স্পেনের জমাট রক্ষণ ও শক্তিশালী মিডফিল্ডের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে মেসি-আলভারেজ মার্তিনেজদের। সঙ্গে নিজেদের ডিফেন্সের দুর্বলতা কাটিয়ে আরও একবার ট্রফি উচিয়ে ধরতে চায় স্কালোনির আর্জেন্টিনা।
স্কালোনি বলেন, সবার আগে আমাদের জিততে হবে। আমি শুধু জয়ের দিকেই মনোযোগ দিই, জয় ছাড়া আর কিছু ভাবি না। এই ঘুরে দাঁড়ানোটা পুরো দলের সম্মিলিত চেষ্টার ফল; বছরের পর বছর ধরে আমরা এমন কিছু একটা গড়ে তুলছি, যা সত্যি বলতে শব্দে প্রকাশ করা কঠিন। সত্যি বলতে, মাঝে মাঝে যখন আমরা কী অর্জন করেছি তা ভাবি, আমি একাকী কেঁদে ফেলি।
এদিকে, ১৬ বছর পর বিশ্বকাপ ফাইনালে স্পেন। পর্তুগাল-ফ্রান্স বাধা পেরিয়ে আসরে লা রোহাদের শেষ প্রতিপক্ষ মেসির আর্জেন্টিনা। পুরো আসরে মাত্র এক গোল হজম। মিডফিল্ডে ভরসা রদ্রি-ওলমোদের মতো তারকা। তবে আকর্ষণের কেন্দ্রে নিঃসন্দেহে লামিনে ইয়ামাল। ইউরোর পর ১৯ বছর বয়সে বিশ্বকাপ উচিয়ে ধরার সুযোগ এই তরুণ তুর্কীর সামনে। ডাগআউটে গুরু লা ফুয়েন্তের সঙ্গে লড়াই হবে শিষ্য স্কালোনির।
লা ফুয়েন্তে বলেন, আমার মতে, এরা দুটোই দুর্দান্ত জাতীয় দল, দুটোই পরাশক্তি। আর এই ম্যাচে আমি এমন দুটি পরাশক্তিকে দেখছি যাদের খেলার ধরন এবং খেলোয়াড়দের প্রতিভার মধ্যে অনেক মিল আছে। সব মিলিয়ে, ম্যাচটা সত্যিই একটা ব্লকবাস্টার লড়াই হতে যাচ্ছে।
দু'দলের মুখোমুখি ১৪ দেখায় সমান ৬টি করে জয় আর্জেন্টিনা ও স্পেনের। বিশ্বকাপে একবারের দেখায় অবশ্য হারতে হয়েছিলো স্পেনকে।
উল্লেখ্য, রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় মেটলাইফ স্টেডিয়ামে মেগা ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-স্পেন। আলবিসেলেস্তেদের টানা দুই, নাকি ১৬ বছর পর স্প্যানিশ রূপকথার পুনর্জন্ম— উত্তর জানা যাবে আজ রাতেই।
/এমএইচআর