×
Logo

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে সমর্থন জানালেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১১:৪৯ এএম

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে সমর্থন জানালেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু

বিশ্বকাপ ফুটবলের মেগা ফাইনালের ঠিক আগমুহূর্তে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

তবে এই সমর্থনের নেপথ্যে ক্রীড়াপ্রেমের চেয়েও বড় হয়ে উঠেছে রাজনৈতিক মেরুকরণ। মূলত ফিলিস্তিন ও ইসরায়েল ইস্যুতে স্পেন ও আর্জেন্টিনার সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থানের কারণেই স্পেনের বিপক্ষে আর্জেন্টিনাকে জেতাতে নেতানিয়াহুর এই অতি-উৎসুক রাজনৈতিক কূটনীতি বলে মনে করছেন বিশ্লেষকরা।

শনিবার (১৮ জুলাই) ইসরায়েলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাব্বি শিমন অ্যাক্সেল ওয়াহনিশের সঙ্গে এক আনুষ্ঠানিক সাক্ষাতের সময় নেতানিয়াহু এই সমর্থনের ঘোষণা দেন।

বৈঠকে রাষ্ট্রদূত আর্জেন্টিনার কট্টর ইসরায়েলপন্থী প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের পাঠানো একটি অডিও শুভেচ্ছা বার্তা নেতানিয়াহুর কাছে হস্তান্তর করেন। 

সেই বার্তায় নেতানিয়াহুকে উদ্দেশ্য করে মিলেই বলেন, 'আপনি আমার বন্ধু, যিনি সবসময় আমাদের সমর্থন করে আসছেন। আপনি যে শুধু আমার কারণেই আর্জেন্টিনার জয় কামনা করছেন, তা শুনে আমার খুব ভালো লেগেছে।'

জবাবে আর্জেন্টিনার প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে নেতানিয়াহু বলেন, 'হাভিয়ের, আপনি একজন বন্ধু। একদম সত্যিকারের বন্ধু, একজন মহৎ বন্ধু। আমরা আপনাদের সমর্থন করি। এমনকি আগামীকালের ম্যাচসহ আরও বহু বিষয়ে আমরা আর্জেন্টিনার পাশে আছি। অনেক শুভকামনা!'


রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রোববারের ফাইনাল ম্যাচটি মাঠের লড়াই ছাড়িয়ে প্রতীকীভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক রাজনৈতিক মঞ্চে রূপ নিয়েছে। সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়াসহ ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে সোচ্চার অবস্থান নিয়েছে স্পেন। অন্যদিকে, আর্জেন্টিনার বর্তমান প্রেসিডেন্ট মিলেই ক্ষমতা গ্রহণের পর থেকেই অন্ধভাবে ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছেন।

/এমএইচআর

Logo