ফ্রান্স জাতীয় ফুটবল দলের প্রধান কোচ দিদিয়ের দেশমের বিদায় রাঙাতে পারেনি তার শিষ্যরা। বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ড ৬-৪ গোলে হারিয়েছে ফ্রান্সকে। ফ্রান্সের বিশ্বকাপজয়ী কোচ ও খেলোয়াড় দেশমের বিদায়ের দিনটা মলিন হয়েছে নিশ্চিতভাবেই। তাতেই নিজেদের ওপর ক্ষোভ কিলিয়ান এমবাপ্পেদের।
রোববার (১৮ জুলাই) দেশমের বিদায়ের আগে আবেগঘন বার্তা দিয়েছেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। ১৪ বছরের সফল অধ্যায়ের ইতি টানতে যাওয়া এই কোচকে প্রাপ্য বিদায় দিতে না পারার আক্ষেপ প্রকাশ করেছেন ফরাসি তারকা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এমবাপ্পে লেখেন, ‘আজ শেষবারের মতো আপনি আপনার মঞ্চে। আপনি আমাদের এত কিছু দিয়েছেন। কিন্তু আপনার প্রাপ্য বিদায়টা আমরা দিতে পারিনি। আমরা ব্যর্থ হয়েছি।’
২০১২ সালে দেশম ফ্রান্সের দায়িত্ব নেন। তার অধীনে ২০১৮ সালে ফরাসিরা দ্বিতীয়বার বিশ্বকাপ জেতে। ২০২২ সালে দলকে ফাইনালে তুললেও শিরোপা জিততে পারেনি। আর ২০২৬ বিশ্বকাপে সেমিফাইনালে স্পেনের কাছে হেরে শেষ হয় দেশমের কোচিং অধ্যায়। শেষমেশ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ হেরে চতুর্থ হয়ে শেষ করতে হয়ে বিশ্বকাপ। আর এরই মধ্য দিয়ে ইতি ঘটলো ফ্রান্সের দেশম যুগের।
/এমএইচআর