×
Logo

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম ছুঁয়েছে ৭৪ লাখ টাকা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১১:২৪ এএম

বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম ছুঁয়েছে ৭৪ লাখ টাকা

বিশ্বকাপ শুরুর আগেই টিকিটের উচ্চমূল্য নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। ফাইনালকে ঘিরে সেই দাম এখন আরও বেড়েছে। শেষ মুহূর্তে ফাইনালের টিকিট বিক্রি হচ্ছে ১০ হাজার থেকে সর্বোচ্চ ৬০ হাজার মার্কিন ডলারে।

শনিবার (১৮ জুলাই) ফিফার অফিসিয়াল টিকিটিং ওয়েবসাইটে গোলপোস্টের পেছনের গ্যালারির সবচেয়ে কম দামের টিকিটের মূল্য ছিল ৬ হাজার ৪১১ দশমিক ২৫ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ লাখ টাকা। তবে কয়েক ঘণ্টার মধ্যেই সব টিকিট সোল্ড আউট।

এসময় সবচেয়ে কম দামের টিকিটের মূল্যও প্রায় ১০ হাজার ডলারে পৌঁছে যায়। স্টেডিয়ামের আপার ডেকের কর্নার অংশের এসব টিকিটের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ লাখ টাকা।

মাঠের কাছাকাছি আসনের টিকিট কিনতে গুনতে হচ্ছে প্রায় ১৬ হাজার ডলার। আর বিশেষ হসপিটালিটি প্যাকেজের টিকিটের মূল্য উঠেছে প্রায় ৬০ হাজার ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৪ লাখ টাকার সমান।

এদিকে, টিকিট পুনর্বিক্রয় প্ল্যাটফর্ম সিটগিক ও স্টাবহাবেও একই প্রবণতা দেখা গেছে। সেখানে আপার ডেকের টিকিটের দাম শুরু হয়েছে প্রায় ১০ হাজার ডলার থেকে। লোয়ার বোলের কিছু আসনের মূল্য পৌঁছেছে প্রায় ৩৫ হাজার ডলারে।

উল্লেখ্য, রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় মেটলাইফ স্টেডিয়ামে মেগা ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-স্পেন। আলবিসেলেস্তেদের টানা দুই, নাকি ১৬ বছর পর স্প্যানিশ রূপকথার পুনর্জন্ম— উত্তর জানা যাবে রাতেই।

/এমএইচআর

Logo