কার হাতে উঠবে গোল্ডেন বল? বিশ্বকাপ ফুটবলে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতার রেসে আছেন স্পেনের মহাপ্রাচীর রদ্রি ও ফুটবল জাদুকর লিওনেল মেসি। এলএমটেনের ৮ গোল ৪ অ্যাসিস্ট ও ৬ ম্যান অব দ্যা ম্যাচের বিপরীতে গোল বা অ্যাসিস্টের খাতায় রদ্রির নাম না থাকলেও তার পারফরম্যান্সই দাঁড় করিয়ে দিয়েছে গোল্ডেন বল জয়ের রেসে। একদিকে মেসির শেষ বিশ্বকাপ রাঙানোর স্বপ্ন অন্যদিকে রদ্রির ইতিহাস লেখার জেদ। মেটলাইফের সবুজ গালিচায় আজ ছক ভাঙবেন মেসি নাকি অদৃশ্য শেকল পরাবেন রদ্রি।
রোববার দিবাগত রাতে বিশ্বকাপের ফাইনাল। ট্রফি কার ঘরে যাবে তা ঠিক হবে স্রেফ একটি ফর্মুলায় লিওনেল মেসিকে আটকাও আর বিশ্বজয় নিশ্চিত করো। স্প্যানিশ থিঙ্কট্যাঙ্কের প্রথম ফর্মুলা খুব সিম্পল। লিওর পায়ে বলই পৌঁছাতে দেওয়া যাবে না। আর যদি কোনোভাবে বল চলেও যায় তবে তাকে আটকানোর জন্য প্রস্তুত দুই প্রহরী মার্ক কুকুরেয়া আর এমেরিক লাপোর্তা।
তবে কুকুরেয়া-লাপোর্তে তো স্রেফ ট্রেলার! স্পেনের আসল ট্রাম্প কার্ড মাঝমাঠের সেই মহাপ্রাচীর। যার নাম রদ্রি। চলতি বিশ্বকাপে গোল বা অ্যাসিস্টের খাতায় হয়তো তার নাম খুব বেশি নেই। কিন্তু ফুটবল বোদ্ধারা জানেন এই স্প্যানিশ মিডফিল্ডার একাই একটা আস্ত দল। টুর্নামেন্টে ৭৯৪ বার বল টাচ, ৬৫৫টি নিখুঁত পাস, আর বল পায়ে ১৬৪ বার ওপরে ওঠার দানবীয় পরিসংখ্যানই বলে দিচ্ছে ফাইনালের ভাগ্য বদলে দিতে এই রদ্রি একাই যথেষ্ট।
ফাইনাল থার্ডে ১৮৭টি ডিফেন্স চেরা পাস আর ২২টি নিখুঁত ট্যাকল রদ্রিকে দাঁড় করিয়ে দিয়েছে গোল্ডেন বল জয়ের রেসে। শিরোপার মঞ্চে স্পেন জয় পেলে সেরা খেলোয়াড়ের তকমাটা তার হাতে উঠতে কোন বাধা থাকবে না।
কিন্তু সেই রেসের অন্য প্রান্তে কে। স্বয়ং ফুটবল জাদুকর লিওনেল মেসি। যখনই দল খাদের কিনারায় তখনই ত্রাতা হয়ে এসেছেন এলএমটেন। গ্রুপ পর্ব কিংবা নকআউট প্রতিটি ম্যাচেই দলের প্রতি মেসির পারফরম্যান্স ছিল টপ নচ। হয় গোল করেছেন নয়তো গোল করিয়েছেন। ৭ ম্যাচে ৬ বার ম্যান অব দ্যা ম্যাচ সাথে ৮ গোল আর ৪ অ্যাসিস্ট। এই অতিমানবীয় পারফরম্যন্সে ২০২২ এর পর ফের গোল্ডের বলের লড়াইয়ে সবচেয়ে এগিয়ে এলএমটেন।
ফাইনালের মঞ্চে একদিকে মেসির শেষ বিশ্বকাপ রাঙানোর স্বপ্ন অন্যদিকে রদ্রির মাঝমাঠের আধিপত্য দিয়ে ইতিহাস লেখার জেদ। রদ্রি কি পারবেন মেসির পায়ে অদৃশ্য শেকল পরাতে। নাকি স্পেনের সব ছক ভেঙে গুঁড়িয়ে দেবেন মেসি। উত্তর মিলবে মেটলাইফের সবুজ গালিচায়।
/এমএইচআর