×
Logo

খেলাধুলা

বিশ্বকাপে সামাজিক মাধ্যমে ঝড় তুললেন যে পাঁচ ফুটবলার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৯:৩৩ পিএম

বিশ্বকাপে সামাজিক মাধ্যমে ঝড় তুললেন যে পাঁচ ফুটবলার

এবারের বিশ্বকাপে মাঠের পারফরম্যান্স আর ব্যক্তিত্বের কারণে অনেক ফুটবলার সামাজিক মাধ্যমে তারকা বনে গেছেন। কারও কারও অনুসারী বেড়েছে কোটি কোটি। আল জাজিরা স্পোর্টস এমন পাঁচ ফুটবলারের গল্প তুলে ধরেছে।

আর্লিং হালান্ড — নরওয়ে

২৫ বছর বয়সী নরওয়ের স্ট্রাইকার হালান্ড মাঠে ও অনলাইনে দুই জায়গাতেই দারুণ জনপ্রিয়। তিনি প্রায় সবসময় সামাজিক মাধ্যমে সক্রিয় থাকেন। জয়ের পরপরই ড্রেসিংরুম থেকে পোস্ট দেওয়া তার অভ্যাস। স্ন্যাপচ্যাটে খোলামেলা স্টোরি, বিমানে স্টাফড র‍্যাকুন নিয়ে ভ্রমণ—সবকিছুই তাকে আলাদা করে তুলেছে।

তার ইনস্টাগ্রামে অনুসারী এখন সাত কোটির বেশি। গত ৩০ দিনে যোগ হয়েছে দুই কোটি নয় লাখ অনুসারী। বিশ্বকাপ ফাইনালের পর এই সংখ্যা সাড়ে সাত কোটি ছাড়াবে বলে ধারণা করা হচ্ছে।

ভোজিনিয়া — কেপ ভার্দে

কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া এই বিশ্বকাপের সবচেয়ে আবেগঘন গল্পের একটি। তার মা অবশেষে ভিসা পেয়ে সরাসরি মাঠে বসে তার খেলা দেখেছেন।

স্পেনের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভোজিনিয়া একের পর এক সেভ দেন। ম্যাচ শেষ হয় গোলশূন্য ড্রয়ে। কয়েক ঘণ্টা পরই তার ইনস্টাগ্রাম অনুসারী পাঁচ লাখ থেকে বেড়ে প্রায় ৫০ লাখ হয়ে যায়। এখন তার অনুসারী দুই কোটি ৯৩ লাখ।

জুড বেলিংহাম — ইংল্যান্ড

বেলিংহামের ইনস্টাগ্রামে অনুসারী পাঁচ কোটি। সেমিফাইনালে হেরে তার বিশ্বকাপ যাত্রা থেমে গেছে। তবু ভক্তরা তাকে নিয়ে গান গায়।

গত ৩০ দিনে তার অনুসারী বেড়েছে প্রায় ৯০ লাখ। গত অক্টোবরে মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা কথা বলার পর তার জনপ্রিয়তা একবার হঠাৎ করে ৩০ লাখ বেড়ে যায়।

লামিন ইয়ামাল — স্পেন

১৯ বছর বয়সী ইয়ামাল দুই বছর আগে ইউরো জয়ের পর থেকেই আলোচনায়। তার ইনস্টাগ্রামে ম্যাচ পরবর্তী ছবি, ব্র্যান্ড পার্টনারশিপ আর পরিবারের সঙ্গে মুহূর্ত থাকে।

তার ছোট ভাই কেইনও বিশ্বকাপে বেশ পরিচিত মুখ হয়ে উঠেছে। ইয়ামালের বর্তমান অনুসারী চার কোটি ৯৬ লাখ। রোববারের ফাইনালের পর এই সংখ্যা আরও বাড়তে পারে।

টিম পেইন — নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের ডিফেন্ডার টিম পেইনের ভাইরাল মুহূর্ত এসেছিল বিশ্বকাপ শুরুর আগেই। মে মাসে আর্জেন্টিনার এক ইনফ্লুয়েন্সার তাকে নিয়ে ভিডিও বানান। তিনি অনুসারীদের পেইনের অ্যাকাউন্টে ফলো করতে বলেন।

এরপর পেইনের অনুসারী পাঁচ হাজারের কম থেকে বেড়ে ৫৮ লাখ হয়ে যায়। ৩২ বছর বয়সী পেইন এখন টুর্নামেন্টের সবচেয়ে অপ্রত্যাশিত ভাইরাল তারকাদের একজন।

/এনএ 

Logo