বিশ্বকাপের ফাইনাল মঞ্চে কেমন হবে শাকিরার পারফরম্যান্স?
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৮:১৬ পিএম
যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে মঞ্চ মাতাবেন ল্যাটিন পপ সম্রাজ্ঞী শাকিরা। ফিফা ইতিহাসে প্রথমবারের মতো সুপার বোল-ধাঁচের হাফটাইম শো অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেজন্য সেই শোতে অংশ নেওয়ার প্রস্তুতি হিসেবে এরইমধ্যে শাকিরা ও বার্না বয় তাদের চূড়ান্ত মহড়ার পর্দার আড়ালের কিছু মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন।
তবে বিশ্বজুড়ে শাকিরার ভক্ত-সমর্থকরা সবসময়ই অপেক্ষায় থাকেন প্রিয় এই শিল্পীর নতুন পরিবেশনার জন্য। মঞ্চে তার উপস্থিতি, প্রাণবন্ত নাচ সব মিলিয়ে প্রতিটি লাইভ কনসার্টই হয়ে ওঠে স্মরণীয়। নতুন গান হোক কিংবা পুরোনো জনপ্রিয় হিট, প্রতিটি পরিবেশনাতেই দর্শকদের উচ্ছ্বাস থাকে চোখে পড়ার মতো।
আগামীকাল রোববার ফাইনাল মহারণের আগে নিজেদের পরিবেশনা আরও নিখুঁত করতে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহড়ার একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘রোববারের জন্য প্রস্তুতি নিচ্ছি! বিশ্বকাপ ফাইনালে দেখা হবে!
ইতিহাসের প্রথম সুপার বোল-ধাঁচের হাফটাইম শো
২০২৬ সালের ফিফা বিশ্বকাপের ফাইনাল শুধু শিরোপা নির্ধারণের লড়াই নয়, টুর্নামেন্টের ইতিহাসেও একটি নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। এবারই প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে যুক্তরাষ্ট্রের সুপার বোলের আদলে বিশেষ হাফটাইম শো আয়োজন করা হবে।
জানা গেছে, এই আয়োজন বিরতির হাফ টাইমের ১৭ মিনিট অনুষ্ঠিত হবে। এরমধ্যে ৬ মিনিটে মঞ্চ প্রস্তত, আর বাকি ১১ মিনিট পরিবেশনা। এতে বিশ্বের বিভিন্ন দেশের জনপ্রিয় সংগীতশিল্পীরা অংশ নেবেন। এরমধ্য দিয়ে ফুটবলের সবচেয়ে বড় আসরে বিনোদনের নতুন মাত্রা যোগ হতে যাচ্ছে।
বিশ্বকাপের অফিসিয়াল গান ‘ডাই ডাই’ পরিবেশন করবেন কলম্বিয়ার তারকা শিল্পী শাকিরা ও নাইজেরিয়ার গায়ক বার্না বয়। গানটি বিশ্বজুড়ে ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডের জন্য সচেতনতা ও সমর্থন তৈরির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।
এছাড়াও হাফটাইম শোতে আরও কয়েকজন আন্তর্জাতিক তারকার পারফর্ম করার সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য তালিকায় রয়েছেন জাস্টিন বিবার, ম্যাডোনা, দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস, ভেনেজুয়েলার খ্যাতিমান কন্ডাক্টর গুস্তাভো দুদামেল এবং কোল্ডপ্লের সঙ্গে যুক্তরাষ্ট্রের পিএস২২ কোরাস। পাশাপাশি শিক্ষা উদ্যোগকে তুলে ধরতে সেসামি স্ট্রিট ও দ্য মাপেটস-এর জনপ্রিয় চরিত্রগুলোর বিশেষ উপস্থিতিও থাকতে পারে।
ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন
সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে নাটকীয়ভাবে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালে ওঠে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে এনজো ফার্নান্দেজ সমতা ফেরান। এরপর যোগ করা সময়ে লাউতারো মার্তিনেজ জয়সূচক গোল করে আলবিসেলেস্তেদের ফাইনাল নিশ্চিত করেন। সেই সঙ্গে ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে ওঠার ইংল্যান্ডের স্বপ্নও ভেঙে যায়।
অন্যদিকে, সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ২০১০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয় স্পেন। লামিন ইয়ামালের আদায় করা পেনাল্টি থেকে প্রথম গোল করেন মিকেল ওয়ারিয়াসাবাল। বিরতির পর দানি ওলমোর তৈরি করা আক্রমণ থেকে পেদ্রো পোরো ব্যবধান দ্বিগুণ করেন।
শেষদিকে ফ্রান্স আক্রমণের তীব্রতা বাড়ালেও স্পেনের রক্ষণভাগ ছিল দুর্ভেদ্য। টুর্নামেন্টে সাত ম্যাচের মধ্যে ষষ্ঠবার ক্লিন শিট রেখে ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠে লা রোজা।
/এসআইএন