×
Logo

খেলাধুলা

শিরোপার লড়াইয়ে ইয়ামালকে ছাড় দিতে চান না মেসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১২:৪৯ পিএম

শিরোপার লড়াইয়ে ইয়ামালকে ছাড় দিতে চান না মেসি

১৯ বছর আগের সেই স্মরণীয় ছবির দুই চরিত্র এবার বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চের প্রতিপক্ষ। যখন শিশুকালে লামিন ইয়ামালকে কোলে নিয়ে গোসল করিয়েছিলেন লিওনেল মেসি। আর কাকতালীয়ভাবে এবার বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হচ্ছেন এই দুই প্রজন্মের দুই তারকা। তবে মাঠে আবেগের কোনো জায়গা রাখছেন না আর্জেন্টাইন অধিনায়ক।

মেসি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইয়ামালের সঙ্গে সম্পর্ক যতই ভালো হোক শিরোপার লড়াইয়ে কোনো ছাড় নয়। তরুণ স্প্যানিশ তারকার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করলেও বিশ্বকাপ ট্রফি আবারও আর্জেন্টিনার হাতেই দেখতে চান এলএম টেন। তার ভাষ্যমতে, প্রতিপক্ষকে থামাতে আর্জেন্টিনা নিজেদের সর্বোচ্চটাই উজাড় করে দেবে। আর সেই লক্ষ্যেই ইয়ামালকে রুখে দিতে মাঠে সর্বশক্তি নিয়েই নামবেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

লিওনেল মেসি ও লামিন ইয়ামাল

বিশ্বকাপে প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে হাজির হলেন লিওনেল মেসি। শুরুতেই স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালকে নিয়ে কথা বলেন আর্জেন্টাইন অধিনায়ক।

বিশেষ করে ২০০৭ সালে শিশুকালীন ইয়ামালকে গোসল করানোর সেই ঐতিহাসিক ছবি প্রসঙ্গে জানতে চাইলে মেসি বলেন, লামিন একজন অসাধারণ ফুটবলার। আমি ওকে খুব কাছ থেকে অনুসরণ করেছি, সে বার্সেলোনায় খেলে, যেটিকে আমি মনেপ্রাণে ভালোবাসি।

তিনি আরও বলেন, আমি সবসময় ওর মঙ্গল কামনা করি। মাত্র ১৯ বছর বয়সেই ও বিশ্ব ফুটবলের অন্যতম আদর্শে পরিণত হয়েছে। সামনে পুরো ক্যারিয়ার পড়ে আছে এবং ইতিহাস গড়ার অসাধারণ সুযোগও রয়েছে। তবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো, যেন অন্তত এবার সেই স্বপ্ন পূরণ না হয়। তারপরও ওর জন্য শুভকামনা রইল।

অবশ্য ইয়ামালের প্রতি শুভকামনা জানালেও তাকে এবার বিশ্বকাপ জিততে ছাড় দিতে চান না মেসি। তিনি বলেন, আমাদের কোচ যেমন বলতেন, আমরা ফুটবল খেলতে বড় হয়েছি বুকভরা আবেগ আর প্রবল আগ্রহ নিয়ে। আমাদের একমাত্র লক্ষ্য ছিল খেলাটাকে উপভোগ করা, সেটা স্কুলের মাঠে হোক, রাস্তায় হোক কিংবা পাড়ার কোনো দলে। আমরা সবাই সেখান থেকেই শুরু করেছি।

চাপ সামলানোর প্রসঙ্গে মেসি বলেন, আমরা কখনও চাপ নিয়ে ভাবিনি। সবসময় স্বাভাবিকভাবে খেলেছি এবং খেলাটা উপভোগ করেছি। আমরা একটি লড়াকু দল, জিততে ভালোবাসি। কিন্তু এটি দলীয় খেলা, এখানে প্রতিপক্ষও সমানভাবে লড়াই করে, তাই সবসময় জেতা সম্ভব নয়। ছোটবেলা থেকেই শিখেছি, জয়ের চেয়ে হারের অভিজ্ঞতাই বেশি আসে। আর সেই হারই আমাকে একজন মানুষ ও ফুটবলার হিসেবে গড়ে তুলেছে।

প্রসঙ্গত, প্রসঙ্গত, ২০২৬ ফিফা বিশ্বকাপে আগামী রোববার (১৯ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে (মেটলাইফ স্টেডিয়াম) শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন।

/এসআইএন

Logo