×
Logo

খেলাধুলা

চতুর্থ মেয়াদে ফিফা সভাপতি হওয়ার পথে ইনফান্তিনো, সমর্থন ২শ'র বেশি সদস্য দেশের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৯:২৬ পিএম

চতুর্থ মেয়াদে ফিফা সভাপতি হওয়ার পথে ইনফান্তিনো, সমর্থন ২শ'র বেশি সদস্য দেশের

যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহারকে কেন্দ্র করে এবারের বিশ্বকাপে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে, প্রশ্ন উঠলেও বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার আসন্ন নির্বাচনে ৪র্থ মেয়াদের জন্য শক্ত অবস্থানেই রয়েছেন তিনি। 

শুক্রবার (১৭ জুলাই) ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, ফিফার ২১১টি সদস্য দেশের মধ্যে ২০০টিরও বেশি জাতীয় ফুটবল ফেডারেশন ইতোমধ্যে ইনফান্তিনোর পুনর্নির্বাচনের পক্ষে আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছে। ফলে আগামী মার্চে, অনুষ্ঠিত হতে যাওয়া কংগ্রেসে বিপুল ব্যবধানে জয়ী হওয়ার পথে রয়েছেন তিনি।

জানা গেছে, এখন পর্যন্ত সমর্থনপত্র পাঠায়নি মাত্র কয়েকটি দেশ। যার মধ্যে রয়েছে ইউরোপের কয়েকটি দেশ। বিশেষকরে, এখনও আনুষ্ঠানিক সমর্থন দেয়নি জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)। তবে ইতোমধ্যেই বিশ্বকাপ শুরুর আগেই ইনফান্তিনোর প্রতি সমর্থনপত্র পাঠিয়েছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

ফিফা সভাপতির নির্বাচনে প্রার্থিতা জমা দেওয়ার শেষ সময় আগামী ১৮ নভেম্বর। ওই সময়ের আগে কোনো সদস্য ফেডারেশন চাইলে তাদের সমর্থন প্রত্যাহার বা অন্য কোনো প্রার্থীর কাছে স্থানান্তর করতে পারবে।

তবে, এখন পর্যন্ত ইনফান্তিনোই একমাত্র প্রার্থী। যদিও কয়েকটি ফুটবল ফেডারেশনের অভিযোগ, ফিফার ভেতর থেকেই তাদের ওপর ইনফান্তিনোর প্রতি আনুগত্য নিশ্চিত করতে চাপ প্রয়োগ করা হয়েছে। এমন অভিযোগ সত্য হলে তা ফিফার নৈতিকতা বিধিমালার সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি প্রকাশ্যে স্বীকার করেন, বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ড পুনর্বিবেচনার জন্য তিনি ফিফার সঙ্গে যোগাযোগ করেছিলেন। এরপর বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়।

এই ঘটনায় সবচেয়ে বেশি অসন্তোষ দেখা গেছে ইউরোপীয় ফুটবল মহলে। উয়েফা সাম্প্রতিক সময়ে বালোগান ইস্যু এবং সোমালিয়ার রেফারি ওমর আরতানকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তসহ বিভিন্ন বিষয়ে ফিফার সমালোচনা করেছে। তবুও সংস্থাটি আনুষ্ঠানিকভাবে কোনো বিকল্প প্রার্থীকে সমর্থন করবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

তবে বিশ্লেষকদের মতে, ইনফান্তিনোর পুনর্নির্বাচনের জন্য ইউরোপের সমর্থন অপরিহার্য নয়। কেননা আফ্রিকা, এশিয়া, কনকাকাফ ও অন্যান্য অঞ্চলের বিপুল সমর্থনই তাকে সহজেই জয় এনে দিতে পারে।

আবার, এরই মধ্যে আগামী শনিবার (১৮ জুলাই) নিউইয়র্কে ফিফার সদস্য ফেডারেশনগুলোর প্রতিনিধিরা কংগ্রেসে মিলিত হবেন। তবে সভায় সভাপতিত্ব করবেন ইনফান্তিনো নিজেই। ফলে সাম্প্রতিক বিতর্কগুলো আনুষ্ঠানিক আলোচ্যসূচিতে থাকার সম্ভাবনা কম। বরং এবারের বিশ্বকাপের আর্থিক সাফল্য এবং সেই আয় থেকে সদস্য ফেডারেশনগুলো কী ধরনের সুবিধা পেতে পারে, সেটিই বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হতে পারে।

/এনএ 


Logo