র্যাঙ্কিংয়ের শীর্ষ দল কখনও বিশ্বকাপ ট্রফি জেতেনি, এবার পারবে আর্জেন্টিনা?
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৭:২৭ পিএম
১৯৯২ সালের আধুনিক ফিফা র্যাঙ্কিং চালুর পর বিশ্বকাপ শুরুর সময় র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা কোনো দলই শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন ট্রফি জিততে পারেনি। চলতি আসরের শুরুর দিকে র্যাঙ্কিংয়ে শীর্ষে ছিল লিওনেল স্কালোনির দল আর্জেন্টিনা। বিশ্বকাপের মাঝে র্শীর্ষস্থান হারালেও এরইমধ্যে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার পাশাপাশি আবারও র্যাঙ্কিংয়ের এক নম্বরে ফিরেছে তারা।
সেকারণেই আর্জেন্টিনার টানা দ্বিতীয় শিরোপা জয়ের পথে এবার সামনে আরেকটি বড় চ্যালেঞ্জ। ভাঙতে হবে ফিফা র্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকার 'অভিশাপ'। ফাইনালে স্পেনকে হারাতে পারলে শুধু টানা দ্বিতীয় বিশ্বকাপই নয়, ভেঙে যাবে দীর্ঘদিনের সেই অস্বস্তিকর পরিসংখ্যানও। এক নম্বর দল হিসেবেও বিশ্বকাপ জয়ের নতুন ইতিহাস গড়তে পারে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
তবে আর্জেন্টাইন সমর্থকদের জন্য কিছুটা স্বস্তির খবর হলো, সর্বশেষ ২০২২ বিশ্বকাপে র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল ব্রাজিল। কিন্তু কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নেয় দলটি। অন্যদিকে, এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা এখনও টিকে আছে এবং জায়গা করে নিয়েছে ফাইনালে। আগামী রোববার যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন।
এর আগে, ১৯৯২ সালে ফিফা বিশ্ব র্যাঙ্কিং চালুর বিশ্বকাপে চ্যাম্পিয়ন জামার্নির র্যাঙ্কিং ছিল ৩। এরপর সর্বশেষ ২০২২ সালে চ্যাম্পিয়ন আর্জেন্টিনার র্যাঙ্কিং ছিল ৩, ২০১৮ সালে ফ্রান্সের ৭, ২০১৪ সালে জার্মানির ২ এবং ২০১০ সালে স্পেনেরও ২। এছাড়াও এবারের চলমান বিশ্বকাপে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল হিসেবে সেমিফাইনালে খেলেছে আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন ও ইংল্যান্ড। যা ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম ঘটনা।
উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাস থেকে ফিফা র্যাঙ্কিংয়ে রিয়েল-টাইম আপডেট পদ্ধতি চালু করেছে, যেখানে ম্যাচের ফল ও গোলের ভিত্তিতে র্যাঙ্কিং নির্ধারণ করা হয়। সে কারণে এবার বেশ কয়েকবার র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দলগুলোর অবস্থান বদলেছে।
/এসআইএন