চার বলে চার ছক্কা সাইফউদ্দিনের, জিম্বাবুয়ের লক্ষ্য ১৮৭
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৬:২৮ পিএম
টি-টোয়েন্টিতে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেব টানা চার বলে চারটি ছক্কা মেরে ইতিহাস গড়লেন মোহাম্মদ সাইফউদ্দিন। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্রাড ইভান্সের শেষ ওভারে এই কীর্তি গড়েন এই অলরাউন্ডার ব্যাটার। সাইফউদ্দিনের মাত্র ১০ বলে ৩১ রানের বিস্ফোরক ইনিংসে শেষ পর্যন্ত ১৮৬ রান তোলে বাংলাদেশ। জিম্বাবুয়ের জয়ের জন্য প্রয়োজন ১৮৭ রান।
ইনিংসের শুরুতে একাধিকবার জীবন পান সাইফ হাসান। সেই সুযোগ কাজে লাগিয়ে ৪৫ বলে ৫৫ রান করেন তিনি। তানজিদ হাসানও ৪৪ বলে ৫৮ রানের দারুণ ইনিংস খেলেন। দুজনের ১২০ রানের উদ্বোধনী জুটিতে বড় সংগ্রহের ভিত পায় বাংলাদেশ। তবে মাঝ ওভারের দিকে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে রান তোলার গতি কমে গেলেও শেষদিকে ইয়াসির আলী ও সাইফউদ্দিনের ১৯ বলে অবিচ্ছিন্ন ৪৫ রানের জুটিতে ১৮০ পেরোয় দল। ইয়াসির ২২ রানে অপরাজিত থাকেন।
জিম্বাবুয়ের হয়ে রিচার্ড এনগারাভা ও সিকান্দার রাজা দুটি করে উইকেট নেন। তবে স্বাগতিকদের বাজে ফিল্ডিং ও একাধিক ক্যাচ মিসের খেসারত দিতে হয়েছে।
/এসআইএন