×
Logo

খেলাধুলা

কেউ বিশেষ সুবিধা দেয়নি, নিজেদের সামর্থ্যেই আমরা ফাইনালে: মেসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৮:১৬ এএম

কেউ বিশেষ সুবিধা দেয়নি, নিজেদের সামর্থ্যেই আমরা ফাইনালে: মেসি

চলমান বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ, তাদের কামব্যাক কিংবা মাঠে রেফারির স্বাভাবিক দৃশ্যমান ভূমিকা— কেউ বলছে ফিফার সাজানো নাটক, তো কেউ বলছে রেফারি আর ভিএআর এর বিশেষ কৃপা। সবশেষ ২০২২ সালে কাতার বিশ্বকাপ থেকে শুরু হওয়া যে ফিসফাস এবারও ডালপালা মেলেছিল, সেই সব বিতর্ককে এক নিমিষে উড়িয়ে দিলেন লিওনেল মেসি।

দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর আর চুপ থাকেননি এলএমটেন। সমালোচকদের সরাসরি একহাত দিয়ে সাফ জানিয়ে দিলেন আর্জেন্টিনা কোনো দয়া নিয়ে ফাইনালে ওঠেনি। টানা দুই বিশ্বকাপের ফাইনালে ওঠা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং চার বছর ধরে আলবিসেলেস্তেরা যে বিশ্বসেরা এটা তারই অকাট্য প্রমাণ।

মেসি বলেন, 'এই কথাগুলো খুব কষ্ট দেয়। কেউ আমাদের বিশেষ সুবিধা দেয়নি। আমাদের দল সামর্থ্য দিয়েই এখানে এসেছে। কিছু বলার আগে সবার একটু ভাবা উচিত, যেন পরে আফসোস করতে না হয়।'

চলতি বিশ্বকাপে কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে একাধিক বার প্রত্যাবর্তনের গল্প লিখেছে আলবিসেলেস্তারা। ইংল্যান্ডের বিপক্ষে হারের স্বাদ পেলে সমালোচনার তীর যে ধেয়ে আসত তা জানাই ছিল মেসির। তাইতো ইংলিশদের হারিয়ে সেই সুযোগ দেননি এলএমটেন।

লিও বলেন, 'যদি আমরা ইংল্যান্ডের কাছে হেরে যেতাম, তাহলে অনেকে অযৌক্তিক কথা বলত। কিন্তু আমরা তাদের সেই সুযোগ দিইনি। আমরা জানি আমরা কতটা ভালো খেলি। তাই কে কী বলল, তা নিয়ে ভাবি না।'

ইংলিশদের বিপক্ষে মহাকাব্যিক জয়কে মেসি উৎসর্গ করেছেন প্রয়াত ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকে। মেসির বিশ্বাস স্বর্গ থেকে ডিয়েগো হাসছেন আর উপভোগ করছেন তার উত্তরসূরিদের এই রাজকীয় দৌড়।

মেসি বলেন, 'আমি নিশ্চিত, দিয়েগো ওপরে বসে হাসছেন। এই দিনটা তার কাছেও বিশেষ। তাকে এই আনন্দ দিতে পেরে আমরা খুশি। এই জয় আমরা তার উদ্দেশেই উৎসর্গ করছি।'

শেষ চারের বাধা পেরিয়ে গেছে আর্জেন্টিনা। তবে মিশন এখনও বাকি। ট্রফি ধরে রাখার লড়াইয়ে এবার সামনে স্প্যানিশ জায়ান্টরা। নিন্দুকের মুখে ছাই দিয়ে মেসি কি পারবেন টানা দ্বিতীয়বার সোনার ট্রফিটা উঁচিয়ে ধরতে। নাকি স্পেনের তারুণ্যের কাছে থামবে আর্জেন্টিনার জয়রথ? উত্তর জানা যাবে ১৯ জুলাই, মেটলাইফ স্টেডিয়ামে।

/এমএইচআর

Logo