×
Logo

খেলাধুলা

হারের পরও ইউরো ২০২৮ পর্যন্ত ইংল্যান্ডের কোচ থাকছেন টুখেল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০১:০৫ পিএম

হারের পরও ইউরো ২০২৮ পর্যন্ত ইংল্যান্ডের কোচ থাকছেন টুখেল

২০২৬ বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ হলেও ইংল্যান্ডের প্রধান কোচ টমাস টুখেলের ওপর আস্থা রাখছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। সবকিছু ঠিক থাকলে ২০২৮ ইউরো চ্যাম্পিয়নশিপ পর্যন্ত তিনিই ইংল্যান্ড দলের দায়িত্ব পালন করবেন।

বুধবার (১৫ জুলাই) সেমিফাইনালে ১-০ গোলে এগিয়ে থেকেও শেষ দিকে দুই গোল হজম করে হেরে যায় থ্রি লায়ন্সরা। ম্যাচে টুখেলের বদলি খেলোয়াড় নামানোর সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হলেও ইংল্যান্ড কোচ জানিয়েছেন, দায়িত্ব চালিয়ে যেতে তিনি প্রস্তুত। এফএর প্রধান নির্বাহী মার্ক বুলিংহ্যামও তাকে পূর্ণ সমর্থন দিয়েছেন।

টুখেল বলেন, আমাদের চুক্তি ঘরের মাঠের ইউরো ২০২৮ পর্যন্ত রয়েছে এবং আমরা সেটি নিয়েই এগিয়ে যাচ্ছি। যদিও এই মুহূর্তে ভবিষ্যতের কথা ভাবা কঠিন, তবুও আমি সেই চ্যালেঞ্জের অপেক্ষায় আছি।

তিনি আরও বলেন, বিশ্বের অনেক বড় ফুটবল শক্তি সেমিফাইনালেও উঠতে পারেনি। তাই শেষ চারে ওঠাটাও একটি অর্জন। যদিও এখন কেউ এসব শুনতে চাইবে না, আমিও না। কারণ আমরা নিজেদের কাছ থেকেই সর্বোচ্চ প্রত্যাশা করি।

এর আগে, ২০২৫ সালের জানুয়ারিতে ১৮ মাসের চুক্তিতে ইংল্যান্ডের দায়িত্ব নিয়েছিলেন জার্মান কোচ টমাস টুখেল। লক্ষ্য ছিল ২০২৬ বিশ্বকাপ জেতানো। পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে তার চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়। 

২০২৮ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ যৌথভাবে আয়োজন করবে ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড। সেই টুর্নামেন্টেও ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন টুখেল।

এফএর প্রধান নির্বাহী মার্ক বুলিংহ্যাম বলেন, ফাইনালের এত কাছে গিয়ে হারাটা হৃদয়বিদারক। খেলোয়াড়, কোচিং স্টাফ ও পুরো দল এই টুর্নামেন্টে নিজেদের সর্বোচ্চটা দিয়েছে। তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি যুক্তরাষ্ট্রে উপস্থিত এবং দেশের সমর্থকদেরও আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন তিনি। 

এদিকে, বিশ্বকাপ অভিযান এখনো শেষ হয়নি ইংল্যান্ডের। শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে তারা। ওই ম্যাচে জয় পেলে ১৯৬৬ সালে বিশ্বকাপ জয়ের পর, বিশ্বকাপে এটিই হবে ইংল্যান্ডের সেরা ফলাফল।

তাই সেমিফাইনালের হতাশা কাটিয়ে ইতিবাচকভাবে টুর্নামেন্ট শেষ করার লক্ষ্য থাকবে টুখেলের দলের।

/এনএ 

Logo