গোল পাননি, তবু মেসির ছোঁয়ায় আরেকটি বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১১:৫৩ এএম
২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেই ম্যাচে গোল পাননি লিওনেল মেসি। তবে, তার অসাধারণ নেতৃত্ব, সৃজনশীলতা ও দুটি অ্যাসিস্টে ভর করেই টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে আলবিসেলেস্তেরা।
এদিন, গোলের খাতায় নাম লেখাতে না পারলেও পুরো ম্যাচে দলের আক্রমণের কেন্দ্রবিন্দু ছিলেন ৩৯ বছর বয়সী মেসি। শেষ বাঁশি বাজার পর বিজয়সূচক গোলদাতা লাউতারো মার্টিনেজসহ পুরো আর্জেন্টিনা দল ছুটে গিয়ে উদযাপন করে অধিনায়ককে ঘিরে। কারণ, ম্যাচের শেষ মুহূর্তে তার নিখুঁত ক্রস থেকেই আসে জয়সূচক গোল।
আধুনিক ফুটবলের অনেক তারকার মতো কেবল ব্যক্তিগত নৈপুণ্যের ওপর নির্ভর করেন না মেসি। বরং নিজের অসাধারণ দক্ষতাকে পুরো দলের আক্রমণভাগের সঙ্গে মিশিয়ে দিতে পারাই তার সবচেয়ে বড় শক্তি।
এই বিশ্বকাপে আর্জেন্টিনার চারটি নকআউট ম্যাচের প্রতিটি মিনিট খেলেছেন তিনি। বয়স বাড়লেও কখন কোথায় শক্তি খরচ করতে হবে, সেটি যেন শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন আটবারের ব্যালন ডি'অরজয়ী এই তারকা।
কেপ ভার্দে ও মিসরের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয়ের ম্যাচে গোল করেছিলেন তিনি। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ে ৩-১ ব্যবধানের জয়ে করেছিলেন একটি অ্যাসিস্ট।
ফিরে আসার রুপকথা তৈরিতে মেসি যেন অতুলনীয়। এবারের বিশ্বকাপে তার পায়ের ওপর ভর করেই বারবার ফিরে আসছে আলবিসেলেস্তেরা। কখনও গোল কিংবা কখনও অ্যাসিস্ট। তার ধারাবাহিকতা দেখা গেল ইংল্যান্ড ম্যাচেও।
৫৫ মিনিটে ইংল্যান্ড এগিয়ে যাওয়ার পরই ম্যাচে আরও বেশি প্রভাব বিস্তার করতে শুরু করেন মেসি। মাঝমাঠ ও ডান প্রান্তে নেমে এসে একের পর এক বিপজ্জনক ক্রস তুলে ইংল্যান্ডের রক্ষণে চাপ সৃষ্টি করেন তিনি।
৮৫তম মিনিটে তার পাস থেকেই বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে সমতা ফেরান এনজো ফার্নান্দেজ। এরপর যোগ করা সময়ে বল মাঠের বাইরে চলে যাওয়ার আগে অসাধারণভাবে নিয়ন্ত্রণে রেখে দারুণ এক ক্রস বাড়ান মেসি। সেই বল থেকেই হেডে জয়সূচক গোল করেন লাউতারো মার্টিনেজ।
এই ম্যাচে দুটি অ্যাসিস্ট করে বিশ্বকাপে নিজের মোট অ্যাসিস্টের সংখ্যা ১২টিতে উন্নীত করেছেন মেসি, যা টুর্নামেন্টের ইতিহাসে নতুন রেকর্ড। পাশাপাশি বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা ২১।
রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে মাঠে নামবেন তিনি। সেটিই যদি তার শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়, তবে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চেই ক্যারিয়ারের ইতি টানার সুযোগ থাকবে এই কিংবদন্তির সামনে।
/এনএ