×
Logo

খেলাধুলা

নিউ জার্সির শেষ লড়াইয়ে কি মিলবে গুরু-শিষ্যের মহারণ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৮:০২ পিএম

নিউ জার্সির শেষ লড়াইয়ে কি মিলবে গুরু-শিষ্যের মহারণ

ডালাসের মাঠে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে দিয়ে আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের ফাইনালের ডাগআউট ইতোমধ্যেই ‘বুক’ করে ফেলেছে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। এখন স্পেনের অপেক্ষা আজ রাতের  আর্জেন্টিনা ও ইংল্যান্ড ম্যাচের জয়ী দলের জন্য। ফাইনালের প্রতিপক্ষ নির্ধারণের নিয়ন্ত্রণ স্পেনের হাতে না থাকলেও, প্রতিপক্ষ হিসেবে কাকে বেশি পছন্দ—এমন প্রশ্নের জবাবে স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেন সুযোগ থাকলে তিনি ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হতে চান। 

দুই মহাদেশীয় চ্যাম্পিয়নের কোপা আমেরিকা ও ইউরো শ্রেষ্ঠত্বের লড়াইয়ের চেয়েও, এই চাওয়ার পেছনে লুকিয়ে আছে এক গভীর ব্যক্তিগত ও আবেগের সম্পর্ক। আর্জেন্টিনা জাতীয় দলের হেড কোচ লিওনেল স্কালোনির সাথে দে লা ফুয়েন্তের সম্পর্কটা মূলত গুরু-শিষ্যের। স্কালোনি যখন একসময় রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনে নিজের কোচিং কোর্স করেছিলেন, তখন সেখানে তার প্রশিক্ষক ও শিক্ষক ছিলেন এই দে লা ফুয়েন্তেই। সেই  মধুর গুরু-শিষ্যের খাতিরেই বিশ্বমঞ্চের শ্রেষ্ঠতম লড়াইয়ে নিজের প্রিয় ছাত্রের মুখোমুখি হতে মুখিয়ে আছেন স্প্যানিশ বস।  

অবশ্য আর্জেন্টাইনদের ফাইনালে চাইলেও থমাস টুচেলের শক্তিশালী ইংল্যান্ডকে বিন্দুমাত্র হালকাভাবে নিচ্ছেন না লুইস দে লা ফুয়েন্তে। তার মতে, ফুটবল ইতিহাসের প্রথমবার ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে এবং ইংল্যান্ড ও আর্জেন্টিনা—উভয় দলই বিশ্বমঞ্চের ফাইনাল খেলার জন্য সমভাবে উপযুক্ত ও কঠিন প্রতিপক্ষ। 

 লুইসের এই অবিশ্বাস্য সাফল্যের দারুণ প্রশংসা করে স্কালোনি বলেন যে দে লা ফুয়েন্তে একজন অসাধারণ মানুষ, যিনি ক্যারিয়ারের শুরু থেকে সব সময় তাকে সাহায্য করেছেন এবং তিনি অবশ্যই এই বৈশ্বিক সাফল্যের যোগ্য দাবিদার।

সংবাদ সম্মেলনে লুইস দে লা ফুয়েন্তেকে ফাইনাল নিশ্চিতের পর ফোন করবেন কি না—এমন এক প্রশ্নের জবাবে চিরচেনা হাসিতে এক দারুণ রসিকতা ছুঁড়ে দেন আর্জেন্টাইন কোচ স্কালোনি। তিনি জানান, ফোন করার বিষয়টি সম্পূর্ণ নির্ভর করছে আজ রাতের ইংল্যান্ড ম্যাচের ফলাফলের ওপর। আর্জেন্টিনা আজ রাতে থ্রি লায়ন্সদের হারিয়ে ফাইনালে উঠলে তিনি মোটেও স্পেন কোচকে ফোন করবেন না।

তবে কোনো কারণে দল হেরে বিদায় নিলে, তিনি অবশ্যই তার পুরনো গুরুকে ফোন করে ফরাসিদের হারানোর সেই গোপন ফর্মুলা ও একটু সাহায্য চাইবেন। তবে স্কালোনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে আশাবাদ ব্যক্ত করেন যে, ফাইনালের টিকিট কাটার আগে তাকে যেন ফোন করতে না হয় এবং মাঠের লড়াই জিতেই যেন তিনি মেটলাইফে শিক্ষকের মুখোমুখি হতে পারেন।

/এএ 

Logo