×
Logo

খেলাধুলা

ইতিহাস নয়, আর্জেন্টিনা ম্যাচে চোখ ভবিষ্যতের দিকে: টুখেল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১২:২৪ পিএম

ইতিহাস নয়, আর্জেন্টিনা ম্যাচে চোখ ভবিষ্যতের দিকে: টুখেল

আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালকে ঘিরে দুই দলের ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা যতই আলোচনায় থাকুক, ইংল্যান্ড শিবিরের পুরো মনোযোগ কেবল মাঠের লড়াইয়ে। ম্যাচের আগে এমনটাই জানিয়েছেন থ্রি লায়ন্সদের প্রধান কোচ টমাস টুখেল।

মঙ্গলবার (১৪ জুলাই) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে টুখেল বলেন, আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথে ইতিহাসের অনেক স্মরণীয় ও বিতর্কিত অধ্যায় থাকলেও তার দল অতীত নয়, বর্তমান নিয়েই ভাবছে।

তিনি বলেন, খেলোয়াড়রা অবশ্যই জানে এই দুই দেশের ম্যাচের গুরুত্ব কী। এই লড়াইয়ে অসংখ্য আইকনিক মুহূর্ত রয়েছে, তাই একে সাধারণ একটি ম্যাচ বলা যাবে না। কিন্তু কোচ হিসেবে আমরা শুধু সেই বিষয়গুলো নিয়েই কাজ করি, যেগুলো আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। ইতিহাস বা অতীতের আইকনিক ঘটনাগুলো নিয়ে আমরা আলোচনা করি না। এই ম্যাচ নিজেই যথেষ্ট বড় একটি উপলক্ষ। 

চাপ নয়, সরল বার্তায় প্রস্তুতি

বিশ্বকাপের মঞ্চ যত বড় হচ্ছে, চাপও তত বাড়ছে বলে মনে করেন ইংল্যান্ড কোচ। তাই খেলোয়াড়দের জন্য নির্দেশনাগুলো যতটা সম্ভব সহজ রাখার চেষ্টা করছেন তিনি। বলেন, মঞ্চ যত বড় হয়, উত্তেজনাও তত বাড়ে। তাই আমরা চেষ্টা করছি বার্তাগুলো সহজ রাখতে, যাতে খেলোয়াড়রা মাঠে সেগুলো ঠিকভাবে বাস্তবায়ন করতে পারে। 

'ইতিহাসের বোঝা অনুভব করছি না'

১৯৬৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার সুযোগ সামনে ইংল্যান্ডের। তবে ইতিহাসের চাপ অনুভব করছেন না বলে জানান টুখেল।

জার্মান এই কোচ বলেন, আমি কোনো বোঝা অনুভব করছি না। অবশ্যই ম্যাচের দিন স্নায়ুচাপ থাকবে, যা এমন ম্যাচে স্বাভাবিক। তবে গত কয়েক দিনে আমি যেটা সবচেয়ে বেশি পছন্দ করেছি, তা হলো খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতার মানসিকতা। তারা খুবই উচ্ছ্বসিত এবং এই ম্যাচ খেলার জন্য ক্ষুধার্ত। 

তিনি আরও বলেন, দুই দলের জার্সি, অতীতের ম্যাচ আর সেই মুহূর্তগুলো— সবই আইকনিক এবং এই ম্যাচের গুরুত্ব ও আবহ সত্যিই অসাধারণ। 

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নয়, ম্যাচেই মনোযোগ

বিশ্বকাপ জিতলে প্রথম বিদেশি কোচ হিসেবে কোনো দেশকে শিরোপা এনে দেওয়ার কীর্তি গড়বেন— এমন সম্ভাবনা নিয়েও ভাবছেন না টুখেল। তিনি বলেন, আমি এভাবে ভাবি না। এমন কোনো ব্যক্তিগত লক্ষ্যও নির্ধারণ করি না। আমি শুধু আমার কাজটা ভালোবাসি এবং এই দায়িত্ব পাওয়ার জন্য কৃতজ্ঞ। 

এছাড়া বিশ্বকাপ মানুষের মধ্যে ঐক্য তৈরি করার অন্যতম বড় উপলক্ষ বলেও মন্তব্য করেন ইংল্যান্ড কোচ। বলেন, বিশ্বকাপের সৌন্দর্যই হলো একটি দেশকে একত্রিত করা। মানুষের দুশ্চিন্তা কিছু সময়ের জন্য ভুলিয়ে দিয়ে দলকে ঘিরে সবাইকে একসঙ্গে আনন্দ দেওয়াই এর মূল উদ্দেশ্য। এই ইংল্যান্ড দলে ভালোবাসার মতো অনেক কিছুই আছে, আর মানুষ সেটি অনুভব করছে দেখে আমি আনন্দিত।

মেসিকে নিয়ে সতর্ক টুখেল

আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির প্রশংসা করতেও ভোলেননি টুখেল। বলেন, মেসির পায়ে বল গেলেই পুরো আক্রমণের গতি বদলে যায়। তার পাস, বল সরবরাহ এবং কারিগরি দক্ষতা সর্বোচ্চ পর্যায়ের। তাই তাকে নিয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। তবে আমরা এখানে এসেছি নিজেদের ফুটবল খেলতে, নিজেদের শক্তি প্রতিপক্ষের ওপর চাপিয়ে দিতে।

উল্লেখ্য, আজ বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় (১৬ জুলাই) দ্বিতীয় সেমিফাইনালে জয়ী দল আগামী রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় (২০ জুলাই) স্পেনের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে।

/এনএ 


Logo