স্পেনের অটল রক্ষণের সামনে এমবাপ্পেদের আক্রমণভাগ, ঘোষিত দুই দলের একাদশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১২:২২ এএম
যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসে অবস্থিত এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে রাতে মুখোমুখি হচ্ছে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ দুই দল—এক নম্বরে থাকা ফ্রান্স এবং দুইয়ে থাকা স্পেন। ফাইনালের টিকিট কাটার এই ঐতিহাসিক দ্বৈরথকে কেন্দ্র করে দুই দলই মাঠে নামাচ্ছে তাদের সেরা তারকাদের নিয়ে গড়া রণকৌশল।
লুইস দে লা ফুয়েন্তের স্পেন একাদশে রদ্রি ও লামিনে ইয়ামালকে রেখে বল পজিশনের চেনা ধারায় ভরসা রাখছে, অন্যদিকে ফ্রান্সের বস দিদিয়ের দেশম সেরা ফর্মে থাকা কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে ও মাইকেল ওলিসেকে নিয়ে সাজিয়েছেন তাদের বিশ্বমানের আক্রমণভাগ।
চলতি বিশ্বকাপে সবচেয়ে ভয়ংকর আক্রমণভাগ নিয়ে খেলা ফ্রান্স এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ ১৬টি গোল করেছে, যার মধ্যে অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে একাই করেছেন ৮টি গোল। তবে উল্টো মেরুতে থাকা স্পেন পুরো টুর্নামেন্টে মাত্র ১টি গোল হজম করেছে। টুর্নামেন্টের সর্বোচ্চ গড় ৬৫.৮% বল পজিশন নিজেদের দখলে রেখে রদ্রি ও লাপোর্তদের গড়া ইস্পাতকঠিন রক্ষণ দিয়ে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে সেমিফাইনালে উঠেছে লা রোখারা।
আমেরিকান মহাদেশের মাটিতে ইউরোপের দুই পরাশক্তির মুখোমুখি লড়াইয়ের ইতিহাসও বেশ সমৃদ্ধ। মুখোমুখি ১৮টি জয়ে পরিসংখ্যানের দিক থেকে স্পেন সামান্য এগিয়ে থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে দুই দলই পরস্পরকে উপহার দিয়েছে দারুণ সব লড়াই। ইউরো ২০২৪-এর সেমিফাইনালে ফ্রান্সকে ২-১ ব্যবধানে হারিয়েছিল স্পেন। তবে টানা তিনবার বিশ্বকাপের ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে নামা বর্তমান ফরাসি দলটিতে মায়াজাল বুনছেন ৫টি অ্যাসিস্ট করা মাইকেল ওলিসে।
স্পেন একাদশ রয়েছেন উনাই সিমন (গোলরক্ষক), পেদ্রো পোরো, পাউ কুবারসি, এমেরিক লাপোর্ত, মার্ক কুকুরেয়া, রদ্রি, ফাবিয়ান রুইজ, দানি ওলমো, লামিনে ইয়ামাল, আলেক্স বায়েনা, মিকেল ওইয়ারসাবাল।
ফ্রান্স একাদশ রয়েছেন মাইক মাইনিয়ঁ (গোলরক্ষক), জুলস কুন্দে, উইলিয়াম সালিবা, দায়োত উপামেকানো, লুকাস দিনিয়ে, আদ্রিয়াঁ রাবিও, অরিলিয়েঁ চুয়ামেনি, ব্র্যাডলি বারকোলা, মাইকেল ওলিসে, উসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে।
/এএ