বিশ্বকাপ থেকে বিদায়ের পর পোকার টেবিলে নেইমার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৪:১০ পিএম
২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর নতুন প্রতিযোগিতায় নেমেছেন নেইমার জুনিয়র। ফুটবল মাঠ ছেড়ে এবার তাকে দেখা গেছে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত 'ওয়ার্ল্ড সিরিজ অব পোকার'(ডব্লিউএসওপি)-এর মূল আসরে।
শনিবার (১১ জুলাই) রাতে ১০ হাজার ডলার বাই-ইনের মর্যাদাপূর্ণ মেইন ইভেন্টে অংশ নেন ৩৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকা। তবে গতবারের মতো সাফল্য পাননি তিনি। টুর্নামেন্টের প্রথম দিনই বিদায় নিতে হয়েছে তাকে। Neymar Jr Scooping Pots at the WSOP
Straight from the pitch, to the felt! @neymarjr made his way from the FIFA World Cup to the World Series of Poker to play in the $10,000 six-max event. pic.twitter.com/mJFywqWc8M
এর আগেও পেশাদার পর্যায়ে পোকারে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন নেইমার। ২০২৫ সালের ডব্লিউএসওপিতে তিনি ফাইনাল টেবিল পর্যন্ত পৌঁছে আলোচনায় এসেছিলেন। তবে এবার সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে পারেননি।
বিশ্বকাপের হতাশা, জাতীয় দলকে বিদায়
লাস ভেগাসে নেইমারের উপস্থিতি এসেছে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের এক বড় সিদ্ধান্তের পর। গত ৫ জুলাই বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হারের পর জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। এর মধ্য দিয়ে চারটি বিশ্বকাপে খেলা তার দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি ঘটে।
এবার চোট নিয়েই বিশ্বকাপে খেলতে নেমেছিলেন নেইমার। ডান পায়ের কাফের সমস্যার কারণে পুরো টুর্নামেন্টে মাত্র দুটি ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে যোগ করা সময়ে পেনাল্টি থেকে একটি গোল করেছিলেন, তবে সেটি ব্রাজিলকে হার এড়াতে পারেনি। আর্লিং হালান্ডদের নরওয়ে ম্যাচটি জিতে কোয়ার্টার ফাইনালে উঠে যায়।
পোকারের প্রতি পুরোনো ভালোবাসা
পোকারের প্রতি নেইমারের আগ্রহ নতুন নয়। অবসর সময় পেলেই এই খেলায় অংশ নিতে দেখা যায় তাকে। তবে বিষয়টি নিয়ে অতীতে সমালোচনারও মুখে পড়েছেন তিনি।
চলতি বছরের শুরুতে নেইমারের ক্লাব সান্তোসের একটি লিগ ম্যাচে চোটের কারণে না খেললেও প্রায় ২৪ ঘণ্টা অনলাইনে পোকার খেলার অভিযোগ ওঠে। সে সময় ব্রাজিলের গণমাধ্যম ও সমর্থকদের একাংশ তার পেশাদারি মনোভাব নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
সমালোচনার জবাবে নেইমার বলেছিলেন, কাজের চাপ সামলানোর কারণে কয়েক দিন মাঠে নামতে পারিনি। তাই এই সময়টা আমি ফুটবলের বাইরে সবচেয়ে পছন্দের কাজ, অর্থাৎ কিছুটা পোকার খেলেই কাটিয়েছি।
বিশ্বকাপ ও আন্তর্জাতিক ফুটবল অধ্যায়ের ইতি টানার পর আপাতত ফুটবলের বদলে পোকার টেবিলেই প্রতিদ্বন্দ্বিতায় দেখা যাচ্ছে এই ব্রাজিলিয়ান সুপারস্টারকে।
/এনএ