×
Logo

খেলাধুলা

সেমিফাইনাল খেলতে আটলান্টায় পৌঁছেছে আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০২:৩৬ পিএম

সেমিফাইনাল খেলতে আটলান্টায় পৌঁছেছে আর্জেন্টিনা

ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের আটলান্টায় পৌঁছেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

স্থানীয় সময় সোমবার (১৩ জুলাই) রাত প্রায় ১০টা ১৫ মিনিটে আটলান্টায় পৌঁছে আলবিসেলেস্তেরা। এর আগে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারিয়ে কানসাস সিটি থেকে যাত্রা শুরু করে লিওনেল স্কালোনির শিষ্যরা।

আটলান্টায় অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচটি হবে ২০২৬ ফিফা বিশ্বকাপে শহরটির অষ্টম ও শেষ ম্যাচ। এর আগে শেষ ষোলোর লড়াইয়ে এই মাঠেই মিসরের বিপক্ষে জয় পেয়েছিল আর্জেন্টিনা।

বহুল প্রতীক্ষিত এই সেমিফাইনাল ঘিরে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে টিকিটের দাম। ফিফার অফিসিয়াল রিসেল মার্কেটে সবচেয়ে কম দামের টিকিটের মূল্য ছুঁয়েছে প্রায় ২ হাজার ৩০০ মার্কিন ডলার।

অন্যদিকে, টিকিট বিক্রির প্ল্যাটফর্ম স্টাবহাবে গ্যালারির ওপরের অংশের সবচেয়ে সাশ্রয়ী টিকিটের দাম প্রায় ২ হাজার ৮০০ ডলার। আর মাঠের মাঝামাঝি নিচের সারির দুটি আসনের মূল্য রাখা হয়েছে ১৬ হাজার ডলারেরও বেশি।

আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালটি বুধবার (১৫ জুলাই) স্থানীয় সময় বিকেল ৩টায় শুরু হবে। জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে দুই ফুটবল পরাশক্তি, ম্যাচের বিজয়ী দল জায়গা করে নেবে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে। সেখানে তাদের প্রতিপক্ষ হবে স্পেন কিংবা ফ্রান্স। 

/এনএ 


Logo