ইংল্যান্ডের স্মৃতিতে বেদনাহত সেমির ইতিহাস
ডেডলক কি ভাঙবে?
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১২:৩২ পিএম
১৯৯০ বিশ্বকাপের ইংল্যান্ড-পশ্চিম জার্মানি সেমিফাইনাল
আধুনিক ফুটবলের জন্মভূমি খ্যাত ইংল্যান্ডের বিশ্বকাপ ইতিহাসটা বেশ বেদনারই বলা চলে। বিশ্বকাপের ২২ আসরে তাদের ঘরে শিরোপা গিয়েছে মাত্র একটি। আর এ পর্যন্ত সেমিফাইনাল খেলেছে তিনবার। ২০২৬ বিশ্বকাপে চতুর্থবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড।
বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় (১৬ জুলাই) যুক্তরাষ্ট্রের আটলান্টায় চতুর্থবারের মতো সেমিফাইনাল খেলতে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে তারা। এই ম্যাচ জিততে পারলেই ১৯৬৬ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে খেলার সুযোগ পাবে থ্রি লায়ন্সরা।
আর্জেন্টিনার বিপক্ষে মহারণের আগে বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের আগের তিনটি অভিযানের দিকে ফিরে দেখা যাক।
২০১৮ এর রাশিয়া বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ক্রোয়েশিয়ার কাছে:
ইংল্যান্ডের সর্বশেষ বিশ্বকাপ সেমিফাইনাল ছিল ২০১৮ সালে। ম্যাচের শুরুতেই কাইরান ট্রিপিয়ারের দারুণ এক ফ্রি-কিকে এগিয়ে যায় গ্যারেথ সাউথগেটের দল।
তবে, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ক্রোয়েশিয়া। দ্বিতীয়ার্ধে ইভান পেরিসিচ সমতা ফেরানোর পর অতিরিক্ত সময়ে মারিও মানজুকিচ গোল করে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করেন। এতে ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে ওঠার স্বপ্ন ইংল্যান্ডের ভেঙে যায়।
পরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বেলজিয়ামের কাছে হেরে চতুর্থ স্থান নিয়েই টুর্নামেন্ট শেষ করে ইংল্যান্ড।
১৯৯০ এর ইতালি বিশ্বকাপে টাইব্রেকারে হৃদয়ভাঙা বিদায়:
১৯৯০ বিশ্বকাপে ফাইনালের খুব কাছাকাছি গিয়েও হতাশ হতে হয় ইংল্যান্ডকে। সেমিফাইনালে পশ্চিম জার্মানির বিপক্ষে আন্দ্রেয়াস ব্রেমের ফ্রি-কিকে পিছিয়ে পড়লেও গ্যারি লিনেকারের গোলে সমতায় ফেরে দলটি।
অতিরিক্ত সময়েও সমতা না ভাঙায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে স্টুয়ার্ট পিয়ার্স ও ক্রিস ওয়াডলের শট মিসে ৪-৩ ব্যবধানে জিতে ফাইনালে ওঠে পশ্চিম জার্মানি।
পরবর্তীতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও স্বাগতিক ইতালির কাছে ২-১ ব্যবধানে হেরে যায় ইংল্যান্ড।
১৯৬৬ সালে ঘরের মাঠে একমাত্র সেমিফাইনাল জয়:
বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের একমাত্র জয় আসে ১৯৬৬ সালে নিজেদের মাটিতে।
ওয়েম্বলিতে অনুষ্ঠিত সেই ম্যাচে পর্তুগালকে ২-১ গোলে হারায় আলফ র্যামসের দল। দুই গোল করেন কিংবদন্তি ববি চার্লটন। শেষদিকে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন পর্তুগালের ইউসেবিও।
সেই জয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠে ইংল্যান্ড। পরে ওয়েম্বলিতেই অতিরিক্ত সময়ে পশ্চিম জার্মানিকে ৪-২ গোলে হারিয়ে নিজেদের ইতিহাসের একমাত্র বিশ্বকাপ শিরোপা জেতে থ্রি লায়ন্সরা।
এবার সামনে আর্জেন্টিনা:
৬০ বছর পর আবারও বিশ্বকাপের ইতিহাসে নতুন অধ্যায় লেখার সুযোগ পেয়েছে ইংল্যান্ড।
২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে টমাস টুখেলের দল। সেমিফাইনালে আটলান্টা স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
এই ম্যাচে জয়ী দল আগামী ১৯ জুলাই নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে খেলবে। সেখানে প্রতিপক্ষ হবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স অথবা বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন।
/এনএ