চার দশক পর ম্যারাডোনার রেকর্ড ছোঁয়ার মুখে মেসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৯:২১ পিএম
২০২৬ ফিফা বিশ্বকাপে বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে উড়ছেন লিওনেল মেসি। মাঠের পারফরম্যান্সে একের পর এক মায়াজাল বুনে চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত আর্জেন্টিনা অধিনায়ক গড়েছেন অবিশ্বাস্য সব পরিসংখ্যান। আসরে প্রতিপক্ষের গোলমুখে মোট ৫৪টি ‘শট ইনভলমেন্ট’ বা আক্রমণাত্মক অবদান রেখেছেন তিনি। যার মধ্যে ৩৩টি শট তিনি নিজে সোজাসুজি নিয়েছেন এবং ২১টি গোলের দারুণ সুযোগ তৈরি করে দিয়েছেন সতীর্থদের জন্য।
বিশ্বকাপ ফুটবলের চার দশকের ইতিহাসে এক একক আসরে এত বেশি শট ইনভলমেন্ট আর কোনো ফুটবলারের মধ্যে দেখা যায়নি। এর আগে সর্বশেষ ১৯৮৬ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার আরেক কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা গড়েছিলেন এই কীর্তি। সেবার আলবিসেলেস্তেদের বিশ্বজয়ের পথে ম্যারাডোনা একাই করেছিলেন মোট ৫৯টি শট ইনভলমেন্ট; যার মধ্যে ২৯টি ছিল তার নিজের শট এবং ৩০টি ছিল সতীর্থদের জন্য তৈরি করা শতভাগ গোলের সম্ভাবনা।
ম্যারাডোনার সেই ঐতিহাসিক কীর্তির চার দশক পর অবশেষে সেটির সবচেয়ে কাছাকাছি পৌঁছে গেলেন লিওনেল মেসি। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালের মহারণে আর মাত্র কয়েকটি শট বা সুযোগ তৈরি করতে পারলেই ম্যারাডোনাকেও ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকছে ৩৯ বছর বয়সী এই ফুটবল জাদুকরের সামনে।
/এএ