×
Logo

খেলাধুলা

ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে জার্সি পড়ে খেলতে চায় আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৩:৩৮ পিএম

ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে জার্সি পড়ে খেলতে চায় আর্জেন্টিনা

বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের দিন ঐতিহ্যবাহী সাদা-আকাশি জার্সির বদলে নীল জার্সি পরে খেলতে চায় আর্জেন্টিনা। এজন্য ফিফার কাছে অনুমতি চেয়েছে আলবিসেলেস্তেরা।

আর্জেন্টিনার এই সিদ্ধান্তের পেছনে রয়েছে 'কাবালা' বা সৌভাগ্যের বিশ্বাস। বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে তাদের দুই ঐতিহাসিক জয়ই এসেছিলো নীল অ্যাওয়ে জার্সি পরে। তাইতো এবারও সেই নীল জার্সি পরেই ইংলিশদের সাথে লড়তে চায় মেসিরা।

তবে এই বিষয়ে এখনও চূড়ান্ত কোন অনুমোদন মেলেনি। আগামী ১৪ জুলাই এই ব্যাপারে সিদ্ধান্ত জানাবে ফিফা। এদিন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ), ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) এবং ফিফার প্রতিনিধিদের সমন্বয় সভায় ম্যাচ-সংক্রান্ত বিভিন্ন বিষয়ের পাশাপাশি দুই দলের জার্সির রঙও চূড়ান্ত করা হবে।

চলতি বিশ্বকাপে কেবল একবার এই নীল জার্সি পরে খেলেছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে সেই ম্যাচটি তারা জিতেছিলো ৩-১ গোলে।

এদিকে, ফিফা বিশ্বকাপের ইতিহাসে ইংল্যান্ড ও আর্জেন্টিনা এর আগে পাঁচবার মুখোমুখি হয়েছে। ১৯৬২, ১৯৬৬, ১৯৮৬, ১৯৯৮ ও ২০০২ সালের বিশ্বকাপে দেখা হয়েছিল তাদের।

সবশেষ ২০০২ বিশ্বকাপে ডেভিড বেকহ্যামের পেনাল্টি গোলে জয় পেয়েছিল ইংল্যান্ড। অন্যদিকে, কাতার বিশ্বকাপের শিরোপা জিতে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামছে আর্জেন্টিনা। এবার তাদের লক্ষ্য টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ট্রফি জয়। এখন দেখার বিষয়, মাঠের লড়াইয়ে কে জেতে? আর্জেন্টিনার টানা দুই, নাকি ৬০ বছর পর মেগা ফাইনালে ইংল্যান্ড। জানা যাবে বৃহস্পতিবার সকালেই।

/এমএইচআর

Logo