×
Logo

খেলাধুলা

ফুটবলে 'মিসটেকেন আইডেন্টিটি' কী? কীভাবে কাজ করে এই নিয়ম?

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১১:২১ পিএম

ফুটবলে 'মিসটেকেন আইডেন্টিটি' কী? কীভাবে কাজ করে এই নিয়ম?

ফুটবল ম্যাচে ফাউল বা অসদাচরণের জন্য রেফারি খেলোয়াড়দের হলুদ কিংবা লাল কার্ড দেখান। কিন্তু কখনও কখনও প্রকৃত অপরাধীকে সঠিকভাবে শনাক্ত করতে না পেরে ভুল খেলোয়াড়কে কার্ড দেখিয়ে ফেলেন। ফুটবলের ভাষায় এই পরিস্থিতিকেই বলা হয় 'মিসটেকেন আইডেন্টিটি' বা ভুল খেলোয়াড় শনাক্তকরণ।

একসময় এই ধরনের ভুলের কারণে নিরপরাধ খেলোয়াড়কে শাস্তি পেতে হতো। পরে সংশ্লিষ্ট দলকে আপিলের মাধ্যমে সেই সিদ্ধান্ত সংশোধন করতে হতো। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) চালু হওয়ার পর এ ধরনের ভুল তাৎক্ষণিকভাবে সংশোধনের সুযোগ তৈরি হয়েছে।

কী বলে আইএফএবির নিয়ম?

ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)-এর আইন-৫ (রেফারি) এবং ভিএআর প্রোটোকলের আওতায় 'মিসটেকেন আইডেন্টিটি' বিষয়টি পরিচালিত হয়।

প্রথমদিকে এই নিয়মের আওতায় কেবল তখনই ভিএআর হস্তক্ষেপ করতে পারত, যখন রেফারি একই দলের একজনের পরিবর্তে ভুলবশত অন্য একজন সতীর্থকে হলুদ বা লাল কার্ড দেখাতেন। অর্থাৎ, ভুল শনাক্তকরণ যদি একই দলের খেলোয়াড়দের মধ্যে সীমাবদ্ধ থাকত, তবেই সিদ্ধান্ত সংশোধনের সুযোগ ছিল।

তবে ২০২৬ ফিফা বিশ্বকাপের আগে আইএফএবি নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে। নতুন নিয়ম অনুযায়ী, এখন প্রতিপক্ষ দলের কোনো খেলোয়াড় ভুলবশত কার্ড পেলে কিংবা প্রকৃত অপরাধী অন্য দলের খেলোয়াড় হলে, সেই সিদ্ধান্তও ভিএআরের মাধ্যমে সংশোধন করা যাবে।

বর্তমান নিয়ম অনুযায়ী, রেফারি যদি কোনো ঘটনার জন্য স্পষ্টভাবে ভুল খেলোয়াড়কে হলুদ বা লাল কার্ড দেখান, তাহলে সেটি 'মিসটেকেন আইডেন্টিটি' হিসেবে বিবেচিত হবে। তবে এই প্রক্রিয়ায় কেবল ভুল খেলোয়াড়কে চিহ্নিত করার বিষয়টি সংশোধন করা যাবে, মূল অপরাধের প্রকৃতি নতুন করে পর্যালোচনা করা হবে না।

কেন আনা হলো এই পরিবর্তন?

আগের নিয়মে শুধু একই দলের খেলোয়াড়দের মধ্যে ভুল হলে সেটি সংশোধন করা যেত। কিন্তু নতুন নিয়মে প্রতিপক্ষের খেলোয়াড়ও এই সুরক্ষা পাচ্ছেন।

ধরা যাক, রেফারি মনে করলেন একজন ডিফেন্ডার ফাউল করেছেন এবং তাকে হলুদ কার্ড দেখালেন। পরে ভিএআরের ফুটেজে দেখা গেল, আক্রমণভাগের খেলোয়াড় আদতে কোনো ফাউলের শিকার হননি, বরং তিনি ডাইভিং (সিমুলেশন) করে রেফারিকে বিভ্রান্ত করেছেন; সেক্ষেত্রে রেফারি ডিফেন্ডারের কার্ড বাতিল করে ডাইভিংয়ের দায়ে আক্রমণভাগের খেলোয়াড়কে হলুদ কার্ড দেখাতে পারবেন।

মাঠে যেভাবে কার্যকর হয় এই নিয়ম

১. প্রথমে রেফারিকে কার্ড দেখাতে হবে

মাঠের রেফারিকে প্রথমে কোনো একজন খেলোয়াড়কে হলুদ বা লাল কার্ড দেখাতে হবে। কার্ড দেখানোর আগে ভিএআর স্বতঃপ্রণোদিত হয়ে এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না।

২. ভিএআরের ভিডিও পর্যালোচনা

কার্ড দেখানোর পর ভিএআর ফুটেজ পরীক্ষা করে দেখে, শাস্তি পাওয়া খেলোয়াড়ই প্রকৃত অপরাধী কি না।

৩. সিদ্ধান্ত সংশোধন

যদি দেখা যায়, ভুল খেলোয়াড়কে কার্ড দেওয়া হয়েছে, তাহলে ভিএআর রেফারিকে অন-ফিল্ড রিভিউয়ের পরামর্শ দেয়। মনিটরে ফুটেজ দেখে রেফারি আগের কার্ড বাতিল করেন এবং প্রকৃত অপরাধীকে হলুদ বা লাল কার্ড দেখান।

চলতি বিশ্বকাপে ইতোমধ্যে দুইবার প্রয়োগ

চলতি বিশ্বকাপে ইতোমধ্যে দুইবার 'মিসটেকেন আইডেন্টিটি' নিয়ম প্রয়োগ করা হয়েছে।

প্রথম ঘটনা ঘটে গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের ম্যাচে। ওই ম্যাচে মার্কিন ডিফেন্ডার টিম রিমকে ফাউলের দায়ে হলুদ কার্ড দেখানো হয়েছিল। কিন্তু ভিএআরের পর্যালোচনায় দেখা যায়, প্যারাগুয়ের মিগুয়েল আলমিরন ডাইভ দিয়ে রেফারিকে বিভ্রান্ত করেছিলেন। পরে রিমের কার্ড বাতিল করে আলমিরনকে ডাইভিংয়ের জন্য হলুদ কার্ড দেখানো হয়।

দ্বিতীয়বার নিয়মটি ব্যবহার করা হয় কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের ম্যাচে। ব্রিল এমবোলোর ডাইভিংয়ের ঘটনা পর্যালোচনার পর, রেফারি নিজের আগের সিদ্ধান্ত পরিবর্তন করেন এবং 'মিসটেকেন আইডেন্টিটি' প্রোটোকল অনুযায়ী সঠিক খেলোয়াড়ের বিরুদ্ধে ব্যবস্থা নেন।

/এনএ 


Logo