×
Logo

খেলাধুলা

সেনেগাল কোচ পাপে থিয়াও বরখাস্ত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৮:৫৪ পিএম

সেনেগাল কোচ পাপে থিয়াও বরখাস্ত

পাপে থিয়াও

বিশ্বকাপ এলে কিছু কোচের যেমন নতুন করে চাকরির মেয়াদ বাড়ে, তেমনি কিছু কোচ চাকরিও হারান। বিশেষ করে যারা দ্রুত টুর্নামেন্ট শেষ করে বিদায় নেয়, সে সব কোচকেও সাধারণত বিদায় বলে দেওয়া হয়। তেমনি ঘটনা ঘটলো সেনেগালে। পারফরম্যান্স বিবেচনায় জাতীয় দলের কোচ পাপে থিয়াওকে বরখাস্ত করেছে সেনেগাল ফুটবল ফেডারেশন। এই সিদ্ধান্ত জানিয়ে দেশটির ফেডারেশন বলেছে, বিশ্বকাপে দলের ফলাফলের কারণেই কোচিং প্যানেলে পরিবর্তন আনা জরুরি হয়ে পড়েছিল।

জানুয়ারিতে অনুষ্ঠিত আফ্রিকা কাপ অব নেশনস (আফকন) ফাইনালে মরক্কোকে হারানোর পর বিশ্বকাপে ভালো কিছু করার প্রত্যাশা ছিল সেনেগালের। কিন্তু বিশ্বকাপে তারা হতাশাজনক পারফরম্যান্স উপহার দেয়।

গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচে ফ্রান্স ও নরওয়ের কাছে হেরে বসে দলটি। এরপর শেষ ষোলোর লড়াইয়ে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার মাত্র পাঁচ মিনিট আগে ২-০ গোলে এগিয়ে থেকেও সেই লিড ধরে রাখতে ব্যর্থ হয় সেনেগাল। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে ৩-২ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় দলটি।

৪৫ বছর বয়সী থিয়াওয়ের ওপর সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া ২০২৭ আফকন বাছাইপর্বের শুরুতে পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা ছিল। ২০২৫ সালে রাবাতে অনুষ্ঠিত আফকন ফাইনালে মরক্কোর পক্ষে দেওয়া একটি পেনাল্টির প্রতিবাদে খেলোয়াড়দের নিয়ে মাঠ ছেড়ে যাওয়ার ঘটনায় এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

ফরাসি সংবাদপত্র লে'কিপের প্রতিবেদন অনুযায়ী, ফ্রান্সের বিশ্বকাপজয়ী সাবেক তারকা এবং ডাকারে জন্ম নেওয়া প্যাট্রিক ভিয়েরা সেনেগালের নতুন কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার দৌড়ে অন্যতম ফেভারিট হিসেবে বিবেচিত হচ্ছেন।

/এমএমএইচ

Logo