×
Logo

খেলাধুলা

বাজিতে হেরে লোগো বদলালো নরওয়েজিয়ান এয়ার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১২:৩৪ পিএম

বাজিতে হেরে লোগো বদলালো নরওয়েজিয়ান এয়ার

মাঠের ফুটবলে হার-জিতের পাশাপাশি মাঠের বাইরের নানা মজার ঘটনাও ২০২৬ ফিফা বিশ্বকাপকে করে তুলেছে আনন্দময়। সম্প্রতি অনুষ্ঠিত  ইংল্যান্ড ও নরওয়ের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে দুই দেশের জনপ্রিয় দুই বিমান সংস্থা—নরওয়েজিয়ান এয়ার এবং ব্রিটিশ এয়ারওয়েজ-এর মধ্যে জমে উঠেছিল অভিনব এক বন্ধুসুলভ বাজি। তবে ম্যাচে নরওয়ে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর সেই বাজির শর্ত মেনে সত্যি সত্যিই নিজেদের অফিসিয়াল ব্র্যান্ড লোগো বদলে ফেলেছে নরওয়েজিয়ান এয়ার।

ম্যাচ শেষ হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের পরিবর্তিত লোগো পোস্ট করে পুরো ফুটবল বিশ্বের মন জয় করে নিয়েছে এয়ারলাইন সংস্থাটি। ব্রিটিশ এয়ারওয়েজকে ট্যাগ করে এবং তাদের শুভকামনা জানিয়ে নরওয়েজিয়ান এয়ার আবেগঘন এক বার্তায় লিখেছে, যদিও আমাদের জন্য বিশ্বকাপ মিশন এখানেই শেষ, তবে এই বন্ধুসুলভ বাজিটি আমাদের সবার হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে। আমরা ইংল্যান্ড ফুটবল দল এবং ব্রিটিশ এয়ারওয়েজকে সেমিফাইনালের জন্য শুভকামনা জানাচ্ছি। আর আমরা আন্তরিকভাবে আশা করি আপনারা এবার সত্যি সত্যিই ফুটবলকে ঘরে ফিরিয়ে আনবেন।

ফুটবল ম্যাচ ঘিরে দুই দেশের দুটি প্রভাবশালী এয়ারলাইন্সের এমন আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ আচরণ বিশ্বজুড়ে ক্রীড়াপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছে। মাঠে প্রতিযোগিতা থাকলেও মাঠের বাইরে ফুটবলের স্পিরিট ও সম্প্রীতির বার্তা নিয়ে তৈরি করা এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। আর নরওয়েকে বিদায় করে সেমিফাইনালে ওঠা ইংল্যান্ড এখন ১৫ জুলাই আটলান্টায় মুখোমুখি হতে যাচ্ছে লিওনেল মেসির আর্জেন্টিনার।

/এএ 

Logo