×
Logo

খেলাধুলা

তামিম-সৌম্যর ব্যাটে চড়ে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৯:২৩ পিএম

তামিম-সৌম্যর ব্যাটে চড়ে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ

একমাত্র টেস্ট ও ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ আগেই খুইয়েছিল বাংলাদেশ। তবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৭ উইকেটে জিতে ধবলধোলাইয়ের হাত থেকে রক্ষা পেয়েছে টাইগাররা।

হারারেতে আজ আগে ব্যাট করে মাধেভেরে-ইভান্সের জোড়া ফিফটিতে বাংলাদেশের সামনে ২০০ রানের লক্ষ্য দেয় রোডেশিয়ানরা। টাইগার পেসার শরিফুল ইসলাম শিকার করেন ৪টি উইকেট। জবাবে তানজিদ তামিম ও সৌম্য সরকারের ব্যাটে চড়ে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ। 

টাইগারদের উদ্বোধনী জুটিতে ১৫১ রান যোগ হওয়ার পরই বাংলাদেশের জয় অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিল। সৌম্য আউট হন ৮২ বলে ৬৯ রান করে। জয়ের জন্য দলের যখন ৩ রান প্রয়োজন, তখন তানজিদের সেঞ্চুরির জন্য দরকার ছিল ৬। পুরো এক ওভার মেডেন দিয়ে তাকে স্ট্রাইকও দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু ছক্কা মারতে গিয়ে তানজিদ প্যাভিলিয়নে ফেরেন ১০১ বলে ৯৪ রান করে। তৌহিদ হৃদয়ও আউট হন একই ওভারে। পরে নাজমুল হোসেন বাকি ৩ রান করে দলের জয় নিশ্চিত করেন।

আগের দুই ম্যাচ হারায় ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হাতছাড়া হয় টাইগারদের। আগামী ১৫ জুলাই শুরু হবে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ।

/এএম

Logo