×
Logo

খেলাধুলা

ভাইকিংদের বিপক্ষে লড়াইয়ে পরিসংখ্যান ইংল্যান্ডের পক্ষে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৭:৫৩ পিএম

ভাইকিংদের বিপক্ষে লড়াইয়ে পরিসংখ্যান ইংল্যান্ডের পক্ষে

২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে রাতে মুখোমুখি হচ্ছে আর্লিং হালান্ডের নরওয়ে এবং হ্যারি কেইনের ইংল্যান্ড। এবারের বিশ্বকাপের গোল্ডেন বুটের দৌড়ে তিন ও চারে থাকা এই দুই তারকার লড়াই দেখতে মুখিয়ে আছে পুরো ফুটবল দুনিয়া। 

রোববার (১২ জুলাই) বাংলাদেশ সময় ভোররাত ৩টায় শুরু হবে এ ম্যাচটি। এই ম্যাচের বিজয়ী দল সেমিফাইনালে খেলবে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের বিজয়ী দলের সঙ্গে।   

বিশ্বকাপের মঞ্চে এখন পর্যন্ত কখনো মুখোমুখি হয়নি নরওয়ে-ইংল্যান্ড। তবে, আন্তর্জাতিক ফুটবলে এর আগে দুই দল একে অপরের বিপক্ষে খেলেছে ১২ বার।

এই পরিসংখ্যানে এগিয়ে আছে ইংল্যান্ড। থ্রি লায়ন্সরা জিতেছে মোট ৭ বার। অন্যদিকে, নরওয়ের জয় ২টি। বাকি ৩টি ম্যাচ শেষ হয়েছে ড্র'য়ে।

এর আগে, দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল ২০১৪ সালের একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে। লন্ডনের ঐতিহাসিক ওয়েম্বলিতে অনুষ্ঠিত সেই ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছিল ইংল্যান্ড।

এদিকে, কোয়ার্টার ফাইনালের আগে কিছুটা চিন্তায় আছে ইংল্যান্ড। মেক্সিকোর বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখায় দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ডিফেন্ডার জ্যারেল কোয়ানসা। ফলে কোয়ার্টার ফাইনালের পাশাপাশি ইংল্যান্ড সেমিফাইনালে উঠলেও সেই ম্যাচেও খেলতে পারবেন না তিনি।

ইংল্যান্ডের আরেক ডিফেন্ডার মার্ক গেহির হ্যামস্ট্রিংয়ে হালকা চোট রয়েছে। একই ধরনের চোটের কারণে রিস জেমসের খেলা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। আবার, মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন কবজির হাড় ভেঙে যাওয়ায় চলতি টুর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে গেছেন।

অন্যদিকে, নরওয়ে শিবিরে এখন পর্যন্ত কোনো চোট বা শারীরিক সমস্যার খবর পাওয়া যায়নি। পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামছে ভাইকিংরা। 

নরওয়ের সম্ভাব্য একাদশ (৪-৩-৩): 

ন্যাইল্যান্ড, রিয়েরসন, আজের, হেগেম, মোলার উলফে, প্যাট্রিক বার্গ, স্যান্ডার বের্গে, মার্টিন ওডেগার্ড, আলেক্সান্ডার সোরলথ, আর্লিং হালান্ড এবং নুসা।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ (৪-২-৩-১) : 

পিকফোর্ড, এজরি কনসা, জন স্টোনস, মার্ক গেহি, নিকো ও’রেইলি, ডেকলান রাইস, এলিয়ট অ্যান্ডারসন, বুকায়ো সাকা, জুড বেলিংহ্যাম, অ্যান্থনি গর্ডন এবং হ্যারি কেইন।

/এনএ 

Logo