×
Logo

খেলাধুলা

৩৯ বছরেও ‘মেশিন’ মেসি, বিস্মিত নন স্কালোনি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০২:২৭ পিএম

৩৯ বছরেও ‘মেশিন’ মেসি, বিস্মিত নন স্কালোনি

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলেছেন, ৩৯ বছর বয়সেও লিওনেল মেসির দুর্দান্ত ফিটনেস ও পারফরম্যান্স তাকে মোটেও বিস্মিত করে না। তার বিশ্বাস, যতদিন খেলতে চাইবেন, ততদিনই বিশ্বের সেরা ফুটবলার হয়ে থাকবেন আর্জেন্টাইন অধিনায়ক।

রোববার (১২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, মেসি শারীরিকভাবে নিজেকে যেভাবে প্রস্তুত করেছেন, তার ফলই এখন মাঠে দেখা যাচ্ছে।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত আট গোল করে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় আছেন মেসি। শেষ ষোলোতে মিসরের বিপক্ষে ৩-২ গোলের নাটকীয় জয়ে একটি গোল করার পাশাপাশি ক্রিস্তিয়ান রোমেরোর গোলেও সহায়তা করেন তিনি। ম্যাচের শেষ ১১ মিনিটে ২-০ ব্যবধান থেকে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে জয় পায় বর্তমান চ্যাম্পিয়নরা।

বিশ্বকাপ শুরুর আগে পেশির চোট কাটিয়ে ওঠা ইন্টার মায়ামি তারকাকে নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও, স্কালোনি জানান মাঠে তার দৌড়ঝাঁপে তেমন কোনো পরিবর্তন তিনি দেখেননি।

স্কালোনি বলেন, প্রতিটি ম্যাচেই লিও প্রায় একই পরিমাণ দৌড়ায়। ফিটনেস কোচের সঙ্গে সে বিশেষভাবে কাজ করেছে এবং সেটার সুফল পেয়েছে। তবে পরিসংখ্যানের দিক থেকে খুব বেশি পরিবর্তন হয়েছে বলে মনে হয় না।

তিনি আরও বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, খেলায় সে নিজের শতভাগ উজাড় করে দেয়। আর যখন সে সবকিছু দিয়ে খেলে এবং বুঝতে পারে যে প্রতিপক্ষের জন্য বিপদ তৈরি করতে পারবে, তখন সে যেন একেবারে একটি যন্ত্রের মতো হয়ে যায়। 

মেসির বয়স নিয়ে যাদের সন্দেহ ছিল, তারা তাকে ভালোভাবে চেনেন না বলেও মন্তব্য করেন আর্জেন্টিনা কোচ। তিনি বলেন, আমি মোটেও অবাক নই। হয়তো যারা তাকে ভালোভাবে চেনে না, তারা ভেবেছিল ৩৯ বছর বয়সে সে আর এই পর্যায়ে খেলতে পারবে না। কিন্তু আমি বহুবার বলেছি, যতদিন সে নিজে চাইবে, ততদিনই বিশ্বের সেরা খেলোয়াড় থাকবে। আমি এটা শুধু তার কোচ বলেই বলছি না, আমি সত্যিই তা বিশ্বাস করি।

কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে সহজ প্রতিপক্ষ ভাবছেন না স্কালোনি। তিনি বলেন, বিশ্বকাপে কোনো সহজ প্রতিপক্ষ নেই। সুইজারল্যান্ড খুবই শক্তিশালী দল। তারা নিয়মিত বড় বড় দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এবং সবসময় লড়াই করে। তাদের বিশ্বকাপের ঐতিহ্য আছে, অভিজ্ঞ খেলোয়াড় আছে এবং শারীরিকভাবেও তারা অত্যন্ত শক্তিশালী।

/এনএ 

Logo