×
Logo

খেলাধুলা

হোয়াটওয়াশ এড়ানোর লক্ষ্যে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০১:৩৫ পিএম

হোয়াটওয়াশ এড়ানোর লক্ষ্যে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ের কাছে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই ওয়ানডে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। শনিবার (১১ জুলাই) হারারে স্পোর্টস ক্লাবে সিরিজের শেষ ওয়ানডেতে টাইগাররা মাঠে নামছে ৩-০ ব্যবধানে চরম লজ্জার ‘ধবলধোলাই’ এড়ানোর শেষ মিশন নিয়ে। মান বাঁচানোর এই অতিগুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। স্বাগতিক জিম্বাবুইয়ানদের আগে ব্যাটিংয়ে পাঠিয়ে পরবর্তীতে রান তাড়া করে জয় ছিনিয়ে নেওয়াই মিরাজ বাহিনীর মূল লক্ষ্য।

ম্যাচ শুরুর আগে গত ম্যাচের বোলিং ব্যর্থতা নিয়ে নিজের অসন্তোষ লুকিয়ে রাখেননি অধিনায়ক মিরাজ। তিনি সাফ জানিয়েছেন, আগের ম্যাচে বোলিংয়ের বাজে শুরু দলকে পিছিয়ে দিয়েছিল এবং আজ জিততে হলে টপ অর্ডার ব্যাটারদের ক্রিজে টিকে থেকে বড় জুটি গড়তে হবে। এই ম্যাচে বাংলাদেশ দলে দুটি পরিবর্তন আনা হয়েছে—একাদশ থেকে বাদ পড়েছেন পেসার নাহিদ রানা ও লেগ স্পিনার রিশাদ হোসেন। তাদের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন স্পিনার তানভীর ইসলাম এবং পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

অন্যদিকে, সিরিজ জয়ের স্বস্তিতে থাকা জিম্বাবুয়ে দলকে আজ নেতৃত্ব দিচ্ছেন অলরাউন্ডার সিকান্দার রাজা। ওয়ার্কলোড সামলাতে নিয়মিত অধিনায়ক ও পেসার রিচার্ড এনগারাভাকে আজকের ম্যাচে বিশ্রাম দিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।

আজকের ম্যাচের দুই দলের চূড়ান্ত বাংলাদেশ একাদশে আছেন , তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ,  শরিফুল ইসলাম,  তানভীর ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন।

জিম্বাবুয়ের একাদশ রয়েছেন -বেন কারান, ব্রায়ান বেনেট, ইনোসেন্ট কায়া, ক্রেইগ এরভিন, সিকান্দার রাজা (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, ক্লাইভ মাদান্দে (উইকেটরক্ষক), ব্র্যাড ইভান্স, ওয়েলিংটন মাসাকাদজা, তানাকা চিভাঙ্গা, আর্নেস্ট মাসুকু।

/এএ

Logo