নরওয়ে-ইংল্যান্ড ম্যাচ
বাজি ধরলো দু’দেশের বিমানসংস্থা, হারলে ইনস্টাগ্রামে বদলাবে লোগো
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০২:২৮ পিএম
ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নরওয়ে ও ইংল্যান্ডের মহারণকে ঘিরে এবার মাঠের বাইরে আকাশেও শুরু হয়েছে ভিন্ন এক লড়াই। দুই দেশের জনপ্রিয় দুটি বিমান সংস্থা মজার এক বাজি ধরেছে নিজেদের মধ্যে। যে দেশ জিতবে, পরাজিত দেশের বিমান সংস্থাকে একদিনের জন্য ইনস্টাগ্রামে বিজয়ী দেশের প্রতিষ্ঠানের লোগো ব্যবহার করতে হবে।
আগামী রোববার (১২ জুলাই) বাংলাদেশ সময় ভোর রাত ৩টায় নরওয়ে ও ইংল্যান্ডের বহুল প্রতীক্ষিত কোয়ার্টার ফাইনালের আগে ৮ জুলাই ব্রিটিশ এয়ারওয়েজকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় নরওয়ের স্বল্পমূল্যের বিমান সংস্থা নরওয়েজিয়ান এয়ার শাটল।
সম্প্রতি সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে তারা লেখে, 'লোগো নিয়ে বাজি ধরতে প্রস্তুত?' এরপর তারা প্রস্তাব দেয়, নরওয়ে জিতলে ব্রিটিশ এয়ারওয়েজকে একদিনের জন্য তাদের ইনস্টাগ্রাম লোগো পরিবর্তন করে নরওয়েজিয়ানের লোগো ব্যবহার করতে হবে। আর ইংল্যান্ড জিতলে একই কাজ করবে তারা।
জবাবে ব্রিটিশ এয়ারওয়েজও মজার ছলে লিখে, 'যে বাজি জিততে পারবে না, সেটা ধরো না।' এরপর নরওয়েজিয়ান এয়ার আবার খোঁচা দিয়ে মন্তব্য করে, 'তাহলে কি ভয় পাচ্ছ?'
তারপর, নরওয়েজিয়ান বিমানের একটি সম্পাদিত ছবি দিয়ে ব্রিটিশ এয়ারওয়েজ লেখে, ইংল্যান্ডের আইকনিক ফুটবল অ্যান্থেমের স্লোগান 'ইটস কামিং হোম'।
অবশেষে নরওয়েজিয়ান এয়ার জানায়, ব্রিটিশ এয়ারওয়েজ আনুষ্ঠানিকভাবে এই চ্যালেঞ্জ গ্রহণ করেছে। আর ইনস্টাগ্রামে ব্রিটিশ এয়ারওয়েজ লিখেছে, চ্যালেঞ্জ গ্রহণ করা হলো। তবে উড়ন্ত অবস্থায় আমরা যদি জিতে যাই, তাতে অবাক হবে না!
এদিকে, বিশ্বকাপে এবার দুর্দান্ত ছন্দে রয়েছে নরওয়ে। আর্লিং হালান্ডের নেতৃত্বে ২৮ বছর পর প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে দলটি। অন্যদিকে, ফিফা র্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ডও শক্তিশালী দল হিসেবে মাঠে নামবে।
এখন দেখার বিষয়, মাঠের লড়াই শেষে কোন দেশের বিমান সংস্থাকে একদিনের জন্য প্রতিপক্ষের লোগো ব্যবহার করতে হয়।
/এনএ