শেষ ষোলোর লাল কার্ডে ২ ম্যাচের নিষেধাজ্ঞায় ইংল্যান্ড ডিফেন্ডার কোয়ানসা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৯:৫৯ এএম
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে লাল কার্ড দেখার পর দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ইংল্যান্ডের ডিফেন্ডার জ্যারেল কোয়ানসা। ফলে নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল এবং দল সেমিফাইনালে উঠলে সেই ম্যাচেও খেলতে পারবেন না তিনি।
বৃহস্পতিবার (৯ জুলাই) কোয়ানসার দুই ম্যাচের নিষেধাজ্ঞা নিশ্চিত করা হয়। এর আগে, মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ভিডিও সহকারী রেফারির (ভিএআর) পর্যালোচনায় প্রতিপক্ষের খেলোয়াড়ের পায়ে স্টাডস-আপ ট্যাকলের দায়ে তাকে সরাসরি লাল কার্ড দেখানো হয়েছিল।
সে ম্যাচে ১০ জনের দলে পরিণত হলেও জুড বেলিংহ্যামের জোড়া গোল এবং হ্যারি কেইনের পেনাল্টি থেকে করা গোলের সুবাদে ৩-২ ব্যবধানে জয় পায় ইংল্যান্ড। এই জয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় টমাস টুখেলের দল।
শাস্তির বিরুদ্ধে আপিল করার বিষয়টি বিবেচনা করেছিল ইংল্যান্ড। বিশেষ করে ফিফা যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করার পর ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনও আশাবাদী ছিল। তবে শেষ পর্যন্ত কোয়ানসার দুই ম্যাচের নিষেধাজ্ঞাই বহাল রাখা হয়েছে।
এর ফলে ইংল্যান্ড ফাইনালে উঠতে পারলেই কেবল আবার মাঠে নামার সুযোগ পাবেন এই ডিফেন্ডার।
এদিকে, রক্ষণভাগের সংকটের মধ্যেই আরও দুঃসংবাদ পেয়েছে ইংল্যান্ড। মেক্সিকোর বিপক্ষে জয়ের উদযাপনের সময় বিজ্ঞাপন বোর্ডে হোঁচট খেয়ে বাঁ হাতের কবজিতে চোট পান অভিজ্ঞ মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন। অস্ত্রোপচারের পর তিনি দলের ক্যাম্পে ফিরলেও বিশ্বকাপের বাকি অংশ থেকে ছিটকে গেছেন।
ফলে, নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনালের আগে রক্ষণভাগ ও মিডফিল্ড— দুই বিভাগেই নতুন করে পরিকল্পনা সাজাতে হচ্ছে ইংল্যান্ডের কোচ টমাস টুখেলকে।
/এনএ