পেনাল্টি মিস এমবাপ্পের, গোলশূন্য সমতায় বিরতিতে ফ্রান্স-মরক্কো
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০২:৫১ এএম
বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে গোলশূন্য সমতায় প্রথমার্ধ শেষ করেছে ফ্রান্স ও মরক্কো। সুযোগ পেয়েও পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয়েছেন কিলিয়ান এমবাপ্পে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় বোস্টন স্টেডিয়ামে মুখোমুখি হয় দু'দল।
ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে থাকে ফ্রান্স। প্রথম ৫ মিনিটের মধ্যেই দুইবার গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিল ফরাসিরা। তবে দুইবারই মরক্কোকে বাঁচিয়ে দেন গোলরক্ষক ইয়াসিন বুনু।
২৬তম মিনিটে প্রতি–আক্রমণে বল নিয়ে মরক্কোর রক্ষণে ঢুকে পড়েন কিলিয়ান এমবাপ্পে। তাকে থামাতে ফাউল করে বসেন নুসাইর মাজরাউয়ি। তাৎক্ষণিকভাবে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি ফরাসি এ স্ট্রাইকার। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন কিলিয়ান এমবাপ্পে। তার নেওয়া দুর্বল শট সহজেই ঠেকিয়ে দিয়ে নিশ্চিত পিছিয়ে পড়া থেকে মরক্কোকে ফের বাঁচিয়ে দেন বুনু।
এসময় মরক্কোও কিছু আক্রমণের চেষ্টা করে। তবে প্রতিপক্ষ রক্ষণভাগের সামনে প্রতিবারই ব্যর্থ হয় আফ্রিকার দলটির ফরোয়ার্ড বাহিনী।
শেষ পর্যন্ত গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল। বিরতির পর কোন দল আগে ডেডলক ভাঙবে বা আদৌ ভাঙতে পারবে কিনা সেটাই দেখার অপেক্ষা। নির্ধারিত সময়ে সমতাসূচক স্কোর থাকলে ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে। সেখানেও একই ব্যাপার ঘটলে টাইব্রেকারে নির্ধারণ হবে ম্যাচের ফল।
/এমএইচআর