চলতি বিশ্বকাপের লাল কার্ড ছাড়িয়ে গেছে আগের দুই আসরকে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০২:৫৭ পিএম
২০২২ কাতার বিশ্বকাপের পুরো আসরে লাল কার্ড দেখেছিলেন মাত্র চারজন খেলোয়াড়। আর ২০২৬ সালের আসরে প্রথম ম্যাচেই লাল কার্ড দেখেছেন তিন খেলোয়াড়। আসরের শুরুতেই এর আগের পুরো টুর্নামেন্টের প্রায় সমান কার্ড দেখায়, অনেকেই ভেবেছিলেন এবারের আসর হয়ত হতে যাচ্ছে লালকার্ডময়।
রাউন্ড অব সিক্সটিন পর্যন্ত এবারের আসরের ৯৬ ম্যাচ শেষে মোট লাল কার্ডের সংখ্যা এখন ১৩টি। যা ২০১৮ ও ২০২২, এই দুই বিশ্বকাপ মিলিয়ে দেখানো মোট ৮টি লাল কার্ডের চেয়েও বেশি।
এবারের সবগুলোই সরাসরি লাল কার্ড। বিশ্বকাপ ইতিহাসে এক আসরে সর্বোচ্চ ২৮টি লাল কার্ড দেখানো হয়েছিল ২০০৬ সালে। সেবার সরাসরি লাল কার্ডের সংখ্যা ছিল ৯।
এই লাল কার্ডের তালিকায় দুইটি করে লাল কার্ড দেখে দেশ হিসেবে শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা এবং কাতার। এছাড়া মেক্সিকো, ইরাক, বেলজিয়াম, উরুগুয়ে, বসনিয়া হার্জেগোভিনা, ইংল্যান্ড, ইকুয়েডর, প্যারাগুয়ে এবং যুক্তরাষ্ট্রের একজন করে খেলোয়াড় দেখেছেন লাল কার্ড।
শেষ ষোলোর ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ইংল্যান্ডের ডিফেন্ডার জ্যারেল কোয়ানসা বিপজ্জনক ট্যাকলের জন্য লাল কার্ড দেখেন। যদিও ১০ জনের দল নিয়েও ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় ইংল্যান্ড।
যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগান বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে গোল করার পর প্রতিপক্ষের খেলোয়াড়ের গোড়ালিতে পা দেওয়ায় লাল কার্ড দেখেন। পরে তার এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা, যা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়।
এছাড়া, স্পেনের বিপক্ষে বিপজ্জনক ট্যাকলের জন্য উরুগুয়ের আগুস্তিন কানোব্বিও, প্রতিপক্ষের সঙ্গে বাগ্বিতণ্ডায় ইকুয়েডরের পিয়েরো হিনকাপিয়ে এবং বেলজিয়ামের নাথান এনগয় ইরানের বিপক্ষে বেপরোয়া ট্যাকলের কারণে সরাসরি লাল কার্ড দেখেন।
গ্রুপ পর্বে সবচেয়ে আলোচিত ম্যাচ ছিল দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকোর উদ্বোধনী ম্যাচ। সেই ম্যাচেই তিনটি লাল কার্ড দেখানো হয়। দক্ষিণ আফ্রিকার স্পেপেলো সিথোলে ও থেম্বা জোয়ানে এবং মেক্সিকোর সিজার মন্তেস মাঠ ছাড়তে বাধ্য হন। থেম্বা জোয়ানের শাস্তি পরে সহিংস আচরণের কারণে এক ম্যাচ থেকে বাড়িয়ে তিন ম্যাচ করা হয়।
এছাড়া কাতারের হোমাম আহমেদ ও আসিম মাদিবো, বসনিয়া ও হার্জেগোভিনার তারিক মুহারেমোভিচ, ইরাকের রেবিন সুলাকা এবং প্যারাগুয়ের মিগুয়েল আলমিরনও এবারের বিশ্বকাপে সরাসরি লাল কার্ড দেখেছেন।
সর্বশেষ ৬ বিশ্বকাপে এখন পর্যন্ত লাল কার্ডের পরিসংখ্যান:
২০২৬: ১৩টি (সবগুলো সরাসরি লাল কার্ড)
২০২২: ৪টি (১টি সরাসরি)
২০১৮: ৪টি (২টি সরাসরি)
২০১৪: ১০টি (৭টি সরাসরি)
২০১০: ১৭টি (৯টি সরাসরি)
২০০৬: ২৮টি (৯টি সরাসরি)
/এনএ