×
Logo

খেলাধুলা

এই বিশ্বকাপ আসর পাতানো— রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে বললেন জিকো

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০১:০৩ পিএম

এই বিশ্বকাপ আসর পাতানো— রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে বললেন জিকো

বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোর রুদ্ধশ্বাস লড়াইয়ে ৩-২ গোলে হারের পর রেফারিং নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে মিশরের ফরোয়ার্ড মোস্তফা জিকো। তিনি অভিযোগ করেছেন, ম্যাচে একাধিক বিতর্কিত সিদ্ধান্ত তাদের বিপক্ষে গেছে এবং রেফারির আচরণ দেখে তার কাছে ম্যাচটি ‘পাতানো’ বলেই মনে হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রায় ৮০ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল মিশর। তবে শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তন করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যোগ করা সময়ে এনজো ফার্নান্দেজের জয়সূচক গোলে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় লিওনেল মেসির দল।

ম্যাচ শেষে মিশরের ফুটবলার মোস্তফা জিকোর কাছে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। এ সময় তিনি অস্রুসিক্ত চোখে রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনেন।

জিকো বলেন, 'রেফারি অন্যায় করেছেন, অন্যায় করেছেন। রেফারি একদমই ফেয়ার ছিলেন না। তিনি একজন জালিম। এটি স্পষ্ট ও দিবালোকের মতো পরিষ্কার তিনি অবিচার করেছেন। তিনি একটি দেশের পুরো পরিশ্রমকে এক নিমিষে নষ্ট করে দিলেন। ম্যাচের শুরু থেকেই তিনি আমাদের বিরুদ্ধে কাজ করেছেন।'

তিনি বলেন, 'বিশ্বকাপ জেতার জন্য আর্জেন্টিনাকে অভিনন্দন। টুর্নামেন্টটা আগেই সাজানো ছিল, তাদের আর কিছুই দরকার ছিল না। রেফারি ছিলেন অন্যায্য, অন্যায্য, অন্যায্য, অন্যায্য।'

মিশরের ক্ষোভের মূল কারণ ম্যাচের বিতর্কিত একটি সিদ্ধান্ত। ম্যাচের ৫৮তম মিনিটে মোস্তফা জিকো গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দিয়েছিলেন। কিন্তু ভিএআরের পর্যালোচনার পর বিল্ডআপে অনেক দূরে সংঘটিত একটি ফাউলের কারণে গোলটি বাতিল করা হয়।

পাশাপাশি আর্জেন্টিনার জয়সূচক তৃতীয় গোলের আগে হামদি ফাথির ওপর ফাউলের দাবি জানায় মিশর। তাদের অভিযোগ, ওই ঘটনাটি ভিএআরে যথাযথভাবে পর্যালোচনাই করা হয়নি। এই দুই সিদ্ধান্তে মিশর শিবির তীব্র অসন্তোষ প্রকাশ করে দলটি।

উল্লেখ্য, এই ম্যাচে প্রধান রেফারি হিসেবে ছিলেন ফ্রান্সের ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে।

/এমএইচআর

Logo